জাতীয় গ্রিডে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখা এবং জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে মহেশখালীর কুতুবদিয়ায় দেশের তৃতীয় ভাসমান সংরক্ষণাগার ও রিগ্যাসিফিকেশন ইউনিট (এফএসআরইউ) স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। নতুন এই টার্মিনালের মাধ্যমে বছরে প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা সাশ্রয় সম্ভব হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
সোমবার (১৬ নভেম্বর) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে তিনি এ তথ্য জানান।
প্রতিমন্ত্রী বলেন, কোনো কারণে গ্যাস সরবরাহ সাময়িকভাবে বিঘ্নিত হলে জাতীয় গ্রিডে স্বাভাবিক চাপ ফিরিয়ে আনতে ২৪ থেকে ৭২ ঘণ্টা পর্যন্ত সময় লাগে। এতে শিল্পকারখানার উৎপাদন ও গৃহস্থালি কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হয়। ভবিষ্যতে এ ধরনের পরিস্থিতি দ্রুত মোকাবিলা এবং গ্যাস সরবরাহব্যবস্থার নির্ভরযোগ্যতা বাড়াতেই নতুন এফএসআরইউ স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, নতুন এফএসআরইউটির এলএনজি সংরক্ষণক্ষমতা হবে ১ লাখ ৭৪ হাজার ঘনমিটার। বর্তমানে দেশে থাকা দুটি এফএসআরইউর প্রতিটির ধারণক্ষমতা ১ লাখ ৩৮ হাজার ঘনমিটার। সে হিসাবে নতুন ইউনিটটির ধারণক্ষমতা বিদ্যমান টার্মিনাল দুটির তুলনায় প্রায় ২৬ শতাংশ বেশি।
নতুন টার্মিনালে বড় জাহাজ ভেড়ানোর সুবিধা থাকায় একসঙ্গে বেশি পরিমাণ এলএনজি কেনা সম্ভব হবে বলে জানান প্রতিমন্ত্রী। এতে প্রতি ইউনিট এলএনজিতে ৫ থেকে ১০ সেন্ট মার্কিন ডলার সাশ্রয় হবে। প্রতিটি কার্গোতে সাশ্রয়ের পরিমাণ দাঁড়াতে পারে প্রায় ১ লাখ ৯০ হাজার মার্কিন ডলার।
প্রতিমন্ত্রী বলেন, ২০ বছর মেয়াদি চুক্তির আওতায় প্রতিবছর প্রায় ৫০টি কার্গো বিবেচনায় নিলে শুধু বেশি পরিমাণে এলএনজি কেনার মাধ্যমেই প্রায় ২ হাজার ৩০০ কোটি টাকা সাশ্রয় করা সম্ভব হবে। পাশাপাশি জাহাজের বিরতির সময় বাড়ায় এলএনজি পরিবহনের লজিস্টিকস ও ব্যবস্থাপনাও সহজ হবে।
নতুন এফএসআরইউ স্থাপনের সিদ্ধান্তের পেছনে আগের অভিজ্ঞতার কথা তুলে ধরে অনিন্দ্য ইসলাম অমিত বলেন, অতীতে আগস্ট মাসে একটি এফএসআরইউ নষ্ট হওয়ায় গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটে। এতে শিল্প উৎপাদন ও বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি গৃহস্থালি গ্রাহকদেরও দুর্ভোগ পোহাতে হয়। এমন পরিস্থিতির পুনরাবৃত্তি ঠেকাতে বৈশ্বিক বাজারে সহজলভ্যতা ও নির্ভরযোগ্যতা বিবেচনায় ২০১৬ সালে নির্মিত একটি জাহাজ সংগ্রহের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরোনো জাহাজ সংগ্রহের ঝুঁকি নেওয়া হয়নি।
তিনি আরও বলেন, বাংলাদেশে স্থলভিত্তিক এলএনজি সংরক্ষণাগার না থাকায় ভাসমান সংরক্ষণাগারই বর্তমানে একমাত্র বিকল্প। নতুন টার্মিনালের বড় ধারণক্ষমতার কারণে অতিরিক্ত এলএনজি মজুদ রাখা এবং আধুনিক মস ও মেমব্রেন—উভয় ধরনের বড় জাহাজ ভেড়ানো সম্ভব হবে।
জনগণের অর্থের অপচয় রোধে সরকারের অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, জনগণের প্রতিটি পয়সার সঠিক হিসাব নিশ্চিত করাই সরকারের লক্ষ্য। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার জনগণের অর্থের বিন্দুমাত্র অপচয় না হওয়ার বিষয়ে সর্বোচ্চ সতর্ক ও প্রতিজ্ঞাবদ্ধ।
























