জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহকে প্রায় ৯ ঘণ্টা ধরে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছেন কর্মকর্তা-কর্মচারীদের একাংশ। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের রায়ে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে সোমবার (১৬ নভেম্বর) দ্বিতীয় দিনের মতো এ কর্মসূচি পালন করছেন তারা।
সর্বশেষ রাত সাড়ে ৮টার দিকে ঢাকা পোস্টকে উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ জানান, তিনি প্রায় ৯ ঘণ্টা ধরে অবরুদ্ধ রয়েছেন। এ বিষয়ে তার আলাদা কোনো বক্তব্য নেই। আইনবহির্ভূত কোনো পদক্ষেপ নেওয়াও তার পক্ষে সম্ভব নয়। তবে এ পরিস্থিতিতে সহিংসতার আশঙ্কা নেই বলে জানান তিনি।
এর আগে নিজের ফেসবুক স্ট্যাটাসে উপাচার্য লেখেন, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্বার্থের বাইরে গিয়ে আমার প্রশাসন কিছুই করবে না। রায়ের আলোকে যা করার করেছি, বাকিটা সরকার বলুক, করে দেব।’
তিনি আরও লেখেন, ‘কোনো চাপের কাছে অতীতেও মাথা নত করিনি, এখনো করব না। বিশ্ববিদ্যালয়টির সংস্কার দরকার, বিভিন্ন উদ্যোগ নিয়েছি। করতে দিলে করব, না দিলে করব না, কিন্তু উল্টাপাল্টা কথা বলে বা গল্প সাজিয়ে কিংবা অবরুদ্ধ করে রেখে কোনো লাভ হবে না। ৯ ঘণ্টা ধরে ঘেরাও করে রেখেছেন, ৯০ ঘণ্টা ঘেরাও করলেও কোনো লাভ হবে না।’
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আপিল বিভাগের রায়ে চাকরিচ্যুত ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালের নির্দেশ দেওয়া হলেও চাকরিচ্যুতির সময়ের বকেয়া বেতন-ভাতা পরিশোধ কিংবা ওই সময়ের পদোন্নতির সুবিধা দেওয়ার বিষয়ে সরাসরি কোনো নির্দেশনা নেই। আদালতের নির্দেশনা অনুযায়ী, চাকরিচ্যুতির সময় থেকে পুনর্বহাল পর্যন্ত সময় অসাধারণ ছুটি হিসেবে গণ্য হওয়ার কথা। এ সময়ে চাকরির অস্তিত্ব বহাল থাকলেও বেতন পাওয়ার সুযোগ নেই।
ফলে আদালতের রায়ের বাইরে গিয়ে অতিরিক্ত আর্থিক সুবিধা দেওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আইনগত ও আর্থিক সীমাবদ্ধতা রয়েছে। প্রশাসনের আশঙ্কা, এ ধরনের সুবিধা দেওয়া হলে অন্য সরকারি প্রতিষ্ঠানের চাকরিচ্যুত ব্যক্তিরাও একই ধরনের দাবি তুলতে পারেন। এতে রাষ্ট্রের ওপর বড় ধরনের আর্থিক দায় তৈরি হতে পারে।
উল্লেখ্য, ২০২৫ সালের ২৭ মে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত সদস্যের বেঞ্চ জাতীয় বিশ্ববিদ্যালয়ের করা আপিল মঞ্জুর করেন। রায়ে চাকরিচ্যুত ৯৮৮ জনের মধ্যে জীবিত ব্যক্তিদের আগের পদে পুনর্বহালের নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে চাকরিচ্যুতির সময়কে অসাধারণ ছুটি হিসেবে গণ্য এবং ওই সময়ের জ্যেষ্ঠতা অক্ষুণ্ন রাখার নির্দেশনা দেওয়া হয়। তবে ১৪ বছরের বকেয়া বেতন-ভাতা কিংবা ওই সময়ের পদোন্নতির বিষয়ে সরাসরি কোনো নির্দেশনা দেওয়া হয়নি।
এদিকে সোমবার সকাল থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও সমাবেশ করেন আন্দোলনকারীরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে তারা জ্যেষ্ঠতা, পদোন্নতি ও বকেয়া বেতন-ভাতাসহ ন্যায্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকল্প ও খাতে বিপুল অর্থ ব্যয় করা হলেও তাদের পাওনা পরিশোধে কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না।
এর আগে রোববার আন্দোলনকারীরা উপাচার্যের কাছে স্মারকলিপি দেন। দাবি পূরণ না হলে সোমবার থেকে লাগাতার ঘেরাও ও অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছিলেন তারা। সেই ঘোষণা অনুযায়ী সোমবার সকাল থেকে উপাচার্যের দপ্তরের সামনে অবস্থান নেন কর্মকর্তা-কর্মচারীরা।
























