দেশের সব বিদ্যুৎকেন্দ্রের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে প্রয়োজনীয় কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ‘কোর কমিটি’ সভার সিদ্ধান্ত ও রেকর্ড অব ডিসকাশনসের ভিত্তিতে সম্প্রতি এই জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দেশের গুরুত্বপূর্ণ কেপিআই (কি-পয়েন্ট ইন্সটলেশন) হিসেবে বিবেচিত বিদ্যুৎ কেন্দ্রগুলোর নিরাপদ পরিচালনা ও অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে জননিরাপত্তা বিভাগ থেকে নিরাপত্তা শাখা-২-এর মাধ্যমে সংশ্লিষ্ট সকল সংস্থাকে চিঠি পাঠানো হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-সহ সারাদেশের পুলিশ কর্মকর্তাদের নিজ নিজ আওতাধীন এলাকার বিদ্যুৎ কেন্দ্রগুলোতে সর্বোচ্চ সতর্ক নজরদারি রাখার পাশাপাশি নিরাপত্তা নিছিদ্র করার নির্দেশ দেওয়া হয়েছে।
ইতিমধ্যে এই নির্দেশের অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব এবং পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।
























