কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের মামলার তদন্তকারী কর্মকর্তা (আইও) পরিবর্তন করা হয়েছে। মামলাটির সুষ্ঠু ও দ্রুত তদন্ত নিশ্চিত করতে এখন একজন পরিদর্শক (ইন্সপেক্টর) পদমর্যাদার কর্মকর্তা তদন্তের দায়িত্ব নিয়েছেন।
শুক্রবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফুর রহমান। জেলা পুলিশ সূত্রে জানা গেছে, মামলাটির প্রাথমিক তদন্ত শুরু করেছিলেন সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম। তবে নতুন নির্দেশনায় এখন থেকে দায়িত্ব পালন করবেন থানার পরিদর্শক (তদন্ত) রাজিব আহমেদ। দ্রুতই মামলার যাবতীয় নথিপত্র তাঁর কাছে হস্তান্তর করা হবে।
নতুন তদন্ত কর্মকর্তা রাজিব আহমেদ জানান, পুলিশ সুপার কার্যালয়ের আদেশের পর নথিপত্র পাওয়ার প্রক্রিয়া চলছে। নথিপত্র হাতে পেলেই পুরোদমে তদন্ত কাজ শুরু করা হবে এবং দ্রুততম সময়ের মধ্যে আদালতে নিরপেক্ষ অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা সম্ভব হবে।
উল্লেখ্য, গত ১৮ সেপ্টেম্বর বিকেলে আইফোন নিয়ে ছবি তুলতে গিয়ে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। পরদিন লালমাই পাহাড়ের সানন্দা এলাকার একটি জঙ্গল থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।
এ ঘটনায় সিসিটিভি ফুটেজ ও ট্র্যাকিংয়ের মাধ্যমে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে, যাদের মধ্যে দুইজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় গাজীপুর শিশু উন্নয়ন কেন্দ্রে এবং অপর দুইজন বর্তমানে জেলহাজতে রয়েছে।























