বাংলাদেশ সশস্ত্র বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে আগামীকাল মঙ্গলবার নোয়াখালীর হাতিয়ার স্বর্ণদ্বীপে (জাহাইজ্জার চর) যাচ্ছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, প্রধানমন্ত্রী মঙ্গলবার সকালে হেলিকপ্টারে স্বর্ণদ্বীপে যাবেন। সেখানে তিনি বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শন করবেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের প্রদর্শনী এবং অনুশীলনস্থল ঘুরে দেখার পাশাপাশি সেখানে তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন।
উপ-প্রেস সচিব জানান, মহড়া পরিদর্শন শেষে বিকেলে হেলিকপ্টারে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে।
বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপে অনুষ্ঠিত হবে।
এ অনুশীলনে বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, বাংলাদেশ নৌবাহিনীর সোয়াডস এবং বাংলাদেশ বিমান বাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট অংশ নেবে।
নোয়াখালীর দক্ষিণে বঙ্গোপসাগরের বুকে প্রাকৃতিকভাবে জেগে ওঠা ভূখণ্ড ‘স্বর্ণদ্বীপ’-এ এই প্রথমবারের মতো পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
সফরকালে তিনি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যদের অংশগ্রহণে পরিচালিত এই বিশেষ মহড়া পর্যবেক্ষণ করবেন। পাশাপাশি দ্বীপটির সার্বিক অবকাঠামোগত উন্নয়ন কার্যক্রমও ঘুরে দেখার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে স্বর্ণদ্বীপ ও আশপাশের এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা এ সময় উপস্থিত থাকবেন।



























