মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে সাত দেশের আকাশসীমা বন্ধ থাকায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিপুল সংখ্যক ফ্লাইট বাতিল হয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট ২৭ দিনে ৭৬৯টি ফ্লাইট বাতিল হয়েছে।
বিমানবন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, আকাশসীমা বন্ধ থাকা দেশগুলো, ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান। জানা গেছে, ২৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত ২৬ দিনে বাতিল ফ্লাইটের সংখ্যা ছিল ৭৪৭টি।
পরবর্তীতে ২৬ মার্চের শুরু থেকে আরও ২২টি ফ্লাইট বাতিল হওয়ায় মোট সংখ্যা দাঁড়ায় ৭৬৯টি। ২৬ মার্চ বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে, কুয়েত এয়ারওয়েজের চারটি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ) ছয়টি, গালফ এয়ার (বাহরাইন) দুটি, কাতার এয়ারওয়েজ চারটি, এমিরেটস এয়ারলাইনস দুটি এবং জাজিরা এয়ারওয়েজ (কুয়েত) চারটি ফ্লাইট।
গত ২৮ ফেব্রুয়ারি থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা ২৬ দিনে মোট ৭৪৭টি ফ্লাইট বাতিল হয়েছে। প্রাপ্ত তথ্যে দেখা যায়, মার্চের শুরুতে বাতিলের হার তুলনামূলক বেশি ছিল।
বিশেষ করে ২ মার্চ সর্বোচ্চ ৪৬টি ফ্লাইট বাতিল হয়। এ ছাড়া ১ মার্চ ৪০টি এবং ৩ মার্চ ৩৯টি ফ্লাইট বাতিলের ঘটনাও উল্লেখযোগ্য। মধ্য মার্চে বাতিলের সংখ্যা কিছুটা ওঠানামা করলেও মাসের শেষভাগে এসে তা কমে প্রতিদিন প্রায় ২০টির আশেপাশে স্থিতিশীল হয়। ২২ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত টানা চার দিন প্রতিদিন ২০টি করে ফ্লাইট বাতিল হয়েছে।
ফ্লাইট বাতিলের এই পরিস্থিতির মধ্যেও মধ্যপ্রাচ্যগামী কিছু ফ্লাইট সীমিত পরিসরে পরিচালিত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি থেকে ২৬ মার্চ পর্যন্ত মোট পরিচালিত ও পরিকল্পিত ফ্লাইটের সংখ্যা ছিল ১ হাজার ১৫টি। এ সময়ে ওমানের মাস্কাট, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতগামী বিভিন্ন ফ্লাইট চলাচল করেছে।
বিমানবন্দর সূত্রে জানা যায়, ২৬ মার্চ মোট ৫০টি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে মাস্কাটগামী ৮টি, সৌদি আরবগামী ২২টি এবং সংযুক্ত আরব আমিরাতগামী ২০টি ফ্লাইট রয়েছে।
ইউএইগামী ফ্লাইটগুলোর মধ্যে দুবাই ১২টি, আবুধাবি ২টি এবং শারজাহগামী ৪টি ফ্লাইট অন্তর্ভুক্ত। সাম্প্রতিক দিনে বেড়েছে ফ্লাইট চলাচল
মধ্যপ্রাচ্যগামী ফ্লাইটের ক্ষেত্রে সাম্প্রতিক কয়েক দিনে কিছুটা গতি ফিরে এসেছে। ২৩ মার্চ ৪৫টি, ২৪ মার্চ ৫০টি, ২৫ মার্চ ৪৫টি এবং ২৬ মার্চ (পরিকল্পিত) ৫০টি ফ্লাইট পরিচালনার কথা রয়েছে।
পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক না হওয়ায় যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ রেখে ফ্লাইটের সর্বশেষ অবস্থা জেনে বিমানবন্দরে আসার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। বাতিল, বিলম্ব বা পুনঃতফসিলের সম্ভাবনাও এখনও রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলে ধীরে ধীরে ফ্লাইট চলাচল স্বাভাবিক হতে পারে। তবে পুরো পরিস্থিতি স্থিতিশীল হতে আরও কিছু সময় লাগতে পারে।

































