আওয়ামী লীগের সৃষ্ট অরাজকতার জন্য বিএনপিকে দোষারোপ করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবির নিজেদের দায় এড়ানোর চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান। সোমবার (১৬ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এই অভিযোগ তোলেন।
পোস্টে রাশেদ খান দাবি করেন, সম্প্রতি তিনি জামায়াত-শিবিরের একের পর এক ‘মিথ্যা ন্যারেটিভ’ ভেঙে দেওয়ায় দলটির শীর্ষ পর্যায় থেকে শুরু করে তৃণমূলের নেতাকর্মীরা তাঁর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষুব্ধ বক্তব্যেই এর প্রমাণ মেলে বলে তিনি উল্লেখ করেন।
এ সময় জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও দলটির দুই সংসদ সদস্যের বিরুদ্ধে ওঠা বিভিন্ন অভিযোগের প্রসঙ্গ টেনে রাশেদ খান বলেন, এসব ঘটনায় জামায়াত নেতাদের মুখোশ জনসম্মুখে উন্মোচিত হয়ে গেছে।
ফলে নিজেদের ব্যর্থতা ও বিতর্ক আড়াল করতেই তারা দেশের চলমান অস্থিতিশীলতা ও আওয়ামী অরাজকতার দায় বিএনপির ওপর চাপানোর কৌশল নিয়েছে।
এর আগে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে, পতিত আওয়ামী লীগের নেতাকর্মীদের ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের মতো সহিংসতা ঠেকাতে বর্তমান বিএনপি সরকার ব্যর্থ হয়েছে।
দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার এক বিবৃতিতে অভিযোগ করেছিলেন, সরকার নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার বদলে দেশের অস্থিতিশীল পরিস্থিতির দায় বিরোধী দলের ওপর চাপানোর চেষ্টা করছে।
























