| |
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ
  • ইসলামী আন্দোলনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদ

    Icon
    জেলা প্রতিবেদক
    প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

    জামায়াতে ইসলামীর সঙ্গে জোট থেকে বেরিয়ে আসার ঘোষণার পর থেকেই ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিত অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি। এসব অপপ্রচারের প্রতিবাদ এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে নওগাঁয় সংবাদ সম্মেলন করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। শনিবার (২৪ জানুয়ারি) দুপুরে নওগাঁ শহরের বালুডাঙ্গা বাস টার্মিনাল এলাকার দলীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

    সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নওগাঁ জেলা শাখার সভাপতি মাস্টার মুহাম্মদ আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শহিদুল আলম, ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর আসনের মনোনীত প্রার্থী মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান, জেলা ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি নাজমুল ইসলামসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

    সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে জোট থেকে সরে আসার ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নানা ধরনের গুজব ও অপপ্রচার চালানো হচ্ছে। সম্প্রতি ফেসবুক ও ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে ‘ইসলামী আন্দোলন র’র এজেন্ট’, ‘আমীরের বাড়ি থেকে ৪০০ কোটি টাকা উদ্ধার’ এবং ‘সেখানে বিপুল পরিমাণ স্বর্ণালংকার পাওয়া গেছে’ এমন মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ানো হচ্ছে।

    বক্তারা বলেন, এসব অপপ্রচার সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যমূলক। একটি স্বার্থান্বেষী মহল ইসলামী আন্দোলন বাংলাদেশকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এসব গুজব ছড়াচ্ছে।

    এই ধরনের অপপ্রচার কোনোভাবেই মেনে নেওয়া যায়না। সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে গুজব রটনাকারীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানানো হয়।

    এ সময় বক্তব্য দেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সদর আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা মোহাম্মদ আব্দুর রহমান, নওগাঁ জেলা শাখার সভাপতি মাস্টার মুহাম্মদ আশরাফুল ইসলামসহ আরও কয়েকজন নেতা।

    আরও পড়ুন