| |
  • প্রচ্ছদ
  • রাজনীতি
  • উম্মাহর কল্যাণে তরুণদের প্রস্তুত হওয়ার আহ্বান জামায়াত আমিরের
  • উম্মাহর কল্যাণে তরুণদের প্রস্তুত হওয়ার আহ্বান জামায়াত আমিরের

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১১:০৪ অপরাহ্ন

    উম্মাহর বৃহত্তর কল্যাণে ভূমিকা রাখতে তরুণদের জ্ঞান, দক্ষতা, যোগ্যতা ও নৈতিকতায় সমৃদ্ধ হয়ে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

    শনিবার (২১ নভেম্বর) অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।

    অস্ট্রেলিয়ার ইউডব্লিউএস ব্যাংকসটাউন অডিটোরিয়ামে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় ‘প্রবাসী বাংলাদেশি এক্সক্লুসিভ ইয়ুথ সেশন: চেঞ্জ আওয়ার ইয়ুথ’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলাদেশি কমিউনিটির বিপুলসংখ্যক তরুণ অংশ নেন।

    তরুণদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, জীবনে বড় কিছু অর্জন করতে হলে প্রথমেই নিজেকে যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিক শিক্ষা ও আধুনিক জ্ঞান অর্জন জরুরি। শুধু ডিগ্রি অর্জন নয়, নৈতিকতা ও মূল্যবোধের চর্চার মাধ্যমেও নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে।

    তিনি বলেন, জাতি ও উম্মাহর বৃহত্তর কল্যাণে কাজ করতে হলে নিজেদের আগে প্রস্তুত করতে হবে। জ্ঞান, দক্ষতা, যোগ্যতা ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের এমনভাবে গড়ে তুলতে হবে, যাতে ভবিষ্যতে দেশ ও উম্মাহর কল্যাণে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হয়।

    মতবিনিময় সভায় তরুণরা বাংলাদেশের বিভিন্ন বিষয় নিয়ে বিরোধীদলীয় নেতার কাছে প্রশ্ন করেন। ডা. শফিকুর রহমান তাদের প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি ব্যক্তিগত উন্নয়ন, শিক্ষা, নৈতিকতা এবং দেশ ও জাতির প্রতি দায়িত্ববোধ নিয়ে দিকনির্দেশনা দেন।

    অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. মোসলেহ উদ্দিন ফরিদ এমপি, বিরোধীদলীয় নেতার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান এমপি এবং ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট ডা. এস এম খালিদুজ্জামান।

    আরও পড়ুন