উৎসবমুখর পরিবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রইছ উদ্দীন। তবে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ রাখতে ভোটকেন্দ্রের ভেতর ও বাইরে শৃঙ্খলা বজায় রাখা জরুরি বলেও তিনি মন্তব্য করেন।
মঙ্গলবার (৬ জানুয়ারি) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভাষা শহীদ রফিক ভবনের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ড. রইছ উদ্দীন বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দুই দশকের বেশি সময় পর অনুষ্ঠিত এই জকসু নির্বাচন জবিয়ানদের জন্য অত্যন্ত কাঙ্ক্ষিত ও আনন্দের উপলক্ষ।
শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী সবার সম্মিলিত অংশগ্রহণেই এই উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।
তিনি জানান, ভোট গ্রহণের পর শিক্ষক সমিতির প্রতিনিধিরা একাধিক ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন। কোথাও কোথাও এজেন্টদের উপস্থিতি নিয়ে সাময়িক বিলম্ব হলেও তা দ্রুত সমাধান হয়েছে। ভোটার লিস্ট নিয়ে এজেন্টদের প্রবেশ সংক্রান্ত বিভ্রান্তিও নির্বাচন কমিশনের হস্তক্ষেপে নিরসন হয়েছে বলে জানান তিনি।
তবে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে অপ্রয়োজনীয় ভিড় জমা হওয়াকে নির্বাচনের জন্য ঝুঁকিপূর্ণ উল্লেখ করে তিনি আইনশৃঙ্খলা বাহিনী ও প্রক্টরিয়াল টিমের দৃষ্টি আকর্ষণ করেন। ভোট প্রদান শেষে শিক্ষার্থীদের ভদ্র ও শান্তভাবে ক্যাম্পাস ত্যাগ নিশ্চিত করার আহ্বানও জানান তিনি।
সংবাদ সম্মেলনে অমোচনীয় কালি নিয়েও প্রশ্ন তোলা হয়। এ বিষয়ে নির্বাচন কমিশনের বক্তব্যের ওপর আস্থা রাখার কথা জানিয়ে ড. রইছ উদ্দীন বলেন, পরিচয় নিশ্চিত না হয়ে যেন কারো ভোট গ্রহণ না করা হয়, সে বিষয়ে কমিশনকে সতর্ক করা হয়েছে।
কিছু ক্ষেত্রে পক্ষপাতিত্বের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, দায়িত্বশীল সব পক্ষ যেন নিরপেক্ষ ভূমিকা পালন করে। শিক্ষক, সাংবাদিক, নিরাপত্তা বাহিনীসহ কেউ যেন কোনো প্যানেলের পক্ষে প্রভাব বিস্তার না করে, সেই প্রত্যাশা জানান তিনি।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. ইমরানুল হক, অর্থ সম্পাদক অধ্যাপক ড. মো. নাসির উদ্দিন, আইন অনুষদের ডিন ড. খ্রীষ্টিন রিচার্ডসন, কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আরজুমন্দ আরা বানুসহ সমিতির অন্যান্য সদস্যরা।
































