রাজধানীর তিন এলাকায় পৃথক ঘটনায় তিনটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত পৌনে ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে পল্লবী, মহাখালী ও বাড্ডায় এসব ঘটনা ঘটে। এর মধ্যে পল্লবীর ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ।
রাত পৌনে ৯টার দিকে পল্লবীর সিরামিক্স রোডে দাঁড়িয়ে থাকা মিরপুর সুপার লিংক পরিবহনের একটি বাসে আগুন দেওয়া হয়। আগুনে বাসটি পুড়ে যায়।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জালাল উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, বাসটি দুপুর থেকেই সড়কে দাঁড়ানো ছিল। আগুন দেওয়ার ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করে থানায় নেওয়া হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদের পর বিস্তারিত জানা যাবে।
এর প্রায় ৪০ মিনিট পর রাত সাড়ে ৯টার দিকে মহাখালীর সরকারি তিতুমীর কলেজের সামনে আলিফ পরিবহনের একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
এদিকে রাত সাড়ে ১০টার দিকে বাড্ডা লিংক রোডের হোসাইন মার্কেটের সামনে বৈশাখী পরিবহনের আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল ইসলাম বলেন, একটি বাসে আগুন দেওয়ার খবর পেয়েছেন তারা। ঘটনার বিস্তারিত জানতে খোঁজখবর নেওয়া হচ্ছে।
ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম কর্মকর্তা শাহজাহান জানান, বাড্ডা লিংক রোডে বাসে আগুনের খবর পেয়ে দুটি ইউনিট পাঠানো হয়েছে।
তবে মহাখালী ও বাড্ডায় বাসে আগুনের ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
























