সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের প্রায় দুই মাস পার হলেও এখনো বেতন-ভাতা পাননি ২০২৫ ব্যাচের অধিকাংশ নবনিযুক্ত সহকারী শিক্ষক। পে ফিক্সেশনসংক্রান্ত তথ্য আইবাস++ সিস্টেমে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসে না পৌঁছানোয় আটকে আছে বেতন বিল তৈরির প্রক্রিয়া। এ অবস্থায় ডিসেম্বরের শুরুতেই ১২ হাজার ৮৩০ জন নবনিযুক্ত শিক্ষকের বেতন-ভাতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।
সোমবার (২৩ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শিক্ষকরা জানান, দীর্ঘ আট মাসের অপেক্ষার পর গত ১ অক্টোবর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন তারা। এরপর থেকে নিয়মিত দায়িত্ব পালন করলেও অধিকাংশের বেতন এখনো চালু হয়নি। তবে মাগুরা সদর উপজেলা এবং গাইবান্ধা ও ঝিনাইদহ জেলার কয়েকটি উপজেলার শিক্ষকরা ইতিমধ্যে বেতন পেয়েছেন। বাকি অধিকাংশ উপজেলায় প্রশাসনিক ও কারিগরি জটিলতার কারণে বেতন প্রক্রিয়া আটকে রয়েছে।
শিক্ষকদের অভিযোগ, ডিডিও আইডি থেকে পে ফিক্সেশনের তথ্য ফরওয়ার্ড করার পর তা সংশ্লিষ্ট উপজেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর আইডিতে দেখা যাচ্ছে না। ফলে প্রয়োজনীয় তথ্য যাচাই করে বেতন বিল প্রস্তুত করা সম্ভব হচ্ছে না। নির্দিষ্ট বিদ্যালয়ের নাম ব্যবহার করে পে ফিক্সেশন সম্পন্ন করার পরও অনেক ক্ষেত্রে এ সমস্যা তৈরি হয়েছে।
শিক্ষকদের দেওয়া তথ্য অনুযায়ী, যেসব উপজেলায় ইতিমধ্যে বেতন দেওয়া হয়েছে, সেসব জায়গার কয়েকটিতে পে ফিক্সেশনের সময় নির্দিষ্ট বিদ্যালয়ের নামের পরিবর্তে ‘উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ, উপজেলা শিক্ষা অফিস’ উল্লেখ করা হয়েছিল। অন্যদিকে, আগে নিয়োগ পাওয়া শিক্ষকদের ক্ষেত্রে সাধারণত নির্দিষ্ট বিদ্যালয়ের নাম দিয়েই পে ফিক্সেশন করা হয়েছে বলে সংশ্লিষ্ট হিসাবরক্ষণ অফিসের তথ্য তুলে ধরেছেন তারা।
এদিকে পে ফিক্সেশনের তথ্য সংশোধন করতে গিয়েও সমস্যার মুখে পড়ছেন শিক্ষকরা। তাদের ভাষ্য, ডিডিও আইডির ‘GoB Staff Fixation Forward’ মেনু থেকে পে ফিক্সেশন ফেরত পাঠানোর পরও ‘GoB Staff Fixation Edit’ মেনুতে সংশ্লিষ্ট তথ্য পাওয়া যাচ্ছে না। কোনো কোনো ক্ষেত্রে তথ্য ফেরত এলেও সংশোধনের পর তা পুনরায় জমা দেওয়া যাচ্ছে না। এ সময় সিস্টেমে ‘ORA-01403 no data found’ ও ‘ORA-06512’ ত্রুটি (এরর) দেখাচ্ছে।
এ পরিস্থিতিতে অর্থ মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, হিসাব মহানিয়ন্ত্রকের (সিজিএ) কার্যালয় এবং আইবাস++-এর দায়িত্বপ্রাপ্ত কারিগরি কর্তৃপক্ষের কাছে দ্রুত সমস্যার সমাধান চেয়েছেন শিক্ষকরা। তাদের দাবি, পে ফিক্সেশনসংক্রান্ত তথ্য আইবাস++ সিস্টেমে দৃশ্যমান করার পাশাপাশি যেসব উপজেলায় এ সমস্যা রয়েছে, সেখানকার প্রশাসনিক ও কারিগরি জটিলতা দ্রুত নিরসন করতে হবে।
এ ছাড়া সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে বেতন বিল প্রস্তুত ও অনুমোদনের প্রক্রিয়া দ্রুত শেষ করার অনুরোধ জানিয়েছেন তারা। ডিসেম্বরের শুরুতেই যেন নবনিযুক্ত সব শিক্ষক বেতন-ভাতা তুলতে পারেন, সে জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন ২০২৫ ব্যাচের শিক্ষকরা।


























