| |
  • প্রচ্ছদ
  • খেলা
  • টুর্নামেন্টে ব্যর্থ হওয়ায় পুরো দলকেই নিষিদ্ধ করেছে সরকার
  • টুর্নামেন্টে ব্যর্থ হওয়ায় পুরো দলকেই নিষিদ্ধ করেছে সরকার

    Icon
    স্পোর্টস ডেস্ক
    প্রকাশ: ২ জানুয়ারি ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

    দলের ব্যর্থতায় সাধারণত কোচ কিংবা অধিনায়কের বিদায়ই দেখা যায়। কিন্তু বাজে পারফরম্যান্সের দায়ে যদি পুরো জাতীয় দলকেই নিষিদ্ধ ঘোষণা করা হয়, এমন ঘটনা খুব একটা শোনা যায় না। আফ্রিকা কাপ অব নেশনসে ভরাডুবির পর ঠিক সেই নজিরই গড়ল গ্যাবন।

    চলমান আফকনে হতাশাজনক পারফরম্যান্সে ক্ষুব্ধ হয়ে গ্যাবনের জাতীয় ফুটবল দলকে অনির্দিষ্টকালের জন্য আন্তর্জাতিক ফুটবল থেকে ‘নিষিদ্ধ’ ঘোষণা করেন দেশটির ভারপ্রাপ্ত ক্রীড়ামন্ত্রী সিমপ্লিস-দেজিরে মামবুলা।

    একই সঙ্গে বরখাস্ত করা হয় প্রধান কোচ থিয়েরি মুউয়ুমাসহ পুরো কোচিং স্টাফকে। আরও এক ধাপ এগিয়ে অভিজ্ঞ দুই ফুটবলার পিয়েরে-এমেরিক অবামেয়াং ও ব্রুনো ইকুয়েল মাঙ্গাকেও জাতীয় দল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

    বুধবার গভীর রাতে গ্যাবনের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া ভাষণে মামবুলা বলেন, ‘আফকনে লজ্জাজনক পারফরম্যান্সের পর টেকনিক্যাল স্টাফ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় দল আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ থাকবে।

    পাশাপাশি পিয়েরে-এমেরিক অবামেয়াং ও ব্রুনো ইকুয়েল মাঙ্গাকেও জাতীয় দলে নিষিদ্ধ করা হয়েছে।’
    চলতি আফকনে গ্যাবনের পারফরম্যান্স ছিল হতাশাজনক। গ্রুপ ‘এফ’-এ খেলা তিন ম্যাচের প্রতিটিতেই হেরেছে দলটি। প্রথম ম্যাচে ক্যামেরুনের কাছে ১-০ গোলে হারার পর মোজাম্বিক ও আইভেরি কোস্টের বিপক্ষেও ৩-২ ব্যবধানে পরাজিত হয় গ্যাবন।

    কোনো পয়েন্ট না পেয়েই গ্রুপের তলানিতে থেকে টুর্নামেন্ট শেষ করে তারা।
    আফকনে গ্যাবনের প্রথম দুই ম্যাচে দলের নেতৃত্বে ছিলেন অবামেয়াং ও ইকুয়েল মাঙ্গা। দলের ব্যর্থতা নিয়ে পরে প্রতিক্রিয়ায় অবামেয়াং বলেন, ‘আমার মতে দলের সমস্যাগুলো আমার মতো একজন ছোট ব্যক্তির চেয়েও অনেক গভীরে।’

    তবে ক্রীড়ামন্ত্রীর এই ঘোষণার কয়েক ঘণ্টা পরই সরকার কিছুটা সুর নরম করে। ফিফার নিয়ম অনুযায়ী, কোনো দেশের ফুটবল ফেডারেশনে সরকারি হস্তক্ষেপ সম্পূর্ণ নিষিদ্ধ।

    এমন সিদ্ধান্ত বহাল থাকলে গ্যাবনের ফুটবলের ওপর ফিফার শাস্তির খড়গ নেমে আসতে পারে। সেই শঙ্কার কারণেই সরকার পরে তাদের অবস্থান আংশিকভাবে প্রত্যাহার করেছে বলে ধারণা করা হচ্ছে।

    তবুও আফকনে ব্যর্থতার জেরে একটি দেশের জাতীয় দলকে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষণা করার ঘটনা আফ্রিকান ফুটবলে বিরল নজির হিসেবেই বিবেচিত হচ্ছে।

    আরও পড়ুন