আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির শেষ আন্তর্জাতিক ম্যাচটি এমনিতেই ছিল আবেগঘন। বেনিনের বিরুদ্ধে ৩-০ গোলের দাপুটে জয় দিয়ে জাতীয় দলের অধ্যায় শেষ করেছেন এই আর্জেন্টাইন মহাতারকা। তবে এই ঐতিহাসিক দিনটিতে মাঠের খেলা ছাপিয়ে আরও একটি ব্যতিক্রমী ও স্মরণীয় মুহূর্ত তৈরি করেন ম্যাচের রেফারি।
ম্যাচ শেষে উদযাপনের মধ্যে হঠাৎ দেখা যায় রেফারি মেসির দিকে এগিয়ে গিয়ে তার হাতে হলুদ ও লাল, দুটি কার্ডই তুলে দিচ্ছেন। তবে এটি কোনো শাস্তিমূলক ব্যবস্থা ছিল না; মূলত মেসির আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচকে চিরস্মরণীয় করে রাখতেই এটি প্রতীকী উপহার বা স্মারক হিসেবে তুলে দেন রেফারি।
ফুটবলে লাল ও হলুদ কার্ড শৃঙ্খলাভঙ্গের প্রতীক হলেও, মেসির বিদায়লগ্নে তা হয়ে ওঠে এক চমৎকার স্মৃতির উপহার। এই মুহূর্তের দৃশ্য ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়তেই সমর্থকদের মাঝে বেশ হাস্যরসের সৃষ্টি হয়। অনেকেই ছলে-বলে মন্তব্য করছেন, ক্যারিয়ারের শেষ ম্যাচে এসে অবশেষে লাল ও হলুদ—দুই কার্ডই দেখে ফেললেন মেসি!
মাঠের পারফরম্যান্সেও মেসি ছিলেন বরাবরের মতোই অনবদ্য। নিজের বিদায়ী ম্যাচে ১টি গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ২টি গোল। ৩-০ গোলের জয় নিয়ে এক স্মরণীয় মুহূর্তের মধ্য দিয়ে আন্তর্জাতিক ফুটবলের রঙিন অধ্যায়ের ইতি টানলেন বিশ্বজয়ী এই অধিনায়ক।


























