| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ মেলা
  • বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ মেলা

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১১:২৬ অপরাহ্ণ

    দেশে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) থেকে শুরু হচ্ছে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬। ‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্য নিয়ে ২৮ নভেম্বর পর্যন্ত কেন্দ্রীয়, জেলা ও উপজেলা পর্যায়ে একযোগে এ আয়োজন চলবে।

    বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় রাজধানীর শেরেবাংলা নগরে পুরোনো বাণিজ্য মেলার মাঠে সপ্তাহের কেন্দ্রীয় কর্মসূচি ও তিন দিনব্যাপী প্রাণিসম্পদ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি জাতীয় প্রাণিসম্পদ পদক-২০২৬ প্রদান করবেন।

    বুধবার (২৫ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

    এবার প্রাণিসম্পদ খাতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক দেওয়া হবে। পদকপ্রাপ্তদের মধ্যে স্বর্ণ ও রৌপ্য পদক বিতরণ করা হবে।

    আয়োজন উপলক্ষে কেন্দ্রীয় মেলা প্রাঙ্গণে ৩৮৪টি স্টল ও ৮৬টি প্যাভিলিয়ন স্থাপন করা হয়েছে। এসব স্টল ও প্যাভিলিয়নে ডেইরি ও পোলট্রি শিল্প, প্রাণিস্বাস্থ্য, ভেটেরিনারি প্রযুক্তি, পশুখাদ্য ও পুষ্টি, গবেষণা ও উদ্ভাবন এবং আধুনিক খামার ব্যবস্থাপনার বিভিন্ন দিক তুলে ধরা হবে।

    তিন দিনের এ আয়োজনে প্রাণিসম্পদ প্রদর্শনীর পাশাপাশি ফুড ফেস্টিভ্যাল, রান্নার প্রতিযোগিতা, র‍্যাম্প শো ও সড়ক র‍্যালির আয়োজন থাকছে। এ ছাড়া সচেতনতামূলক প্রচার, সেমিনার, আলোচনা সভা ও কর্মশালাও অনুষ্ঠিত হবে।

    প্রাণিসম্পদ অধিদপ্তর ও বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে গবেষণা ও প্রযুক্তি হস্তান্তরবিষয়ক আলোচনা সভার আয়োজন করা হবে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, গবেষণা সংস্থা, খামারি ও উদ্যোক্তারা এতে অংশ নেবেন।

    মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে দেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ। এ সময়ে দেশে ১৫৭ দশমিক ৫৩ লাখ মেট্রিক টন দুধ, ৯০ দশমিক ৭০ লাখ মেট্রিক টন মাংস এবং প্রায় ২ হাজার ৫০৯ কোটি ডিম উৎপাদিত হয়েছে।

    খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত করা, কর্মসংস্থান সৃষ্টি এবং গ্রামীণ অর্থনীতির বিকাশে প্রাণিসম্পদ খাতের অবদান তুলে ধরতে এ সপ্তাহ উদযাপনের আয়োজন করা হয়েছে।

     

    আরও পড়ুন