| |
  • প্রচ্ছদ
  • আদালত
  • দ্বৈত পেশার আইনজীবীদের বিষয়ে হাইকোর্টের নির্দেশ
  • দ্বৈত পেশার আইনজীবীদের বিষয়ে হাইকোর্টের নির্দেশ

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ণ

    আইনজীবী হিসেবে সনদ নিয়ে আইন পেশার বাইরে চাকরি, ব্যবসা বা অন্য পেশায় নিয়োজিত ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ জন্য উচ্চপর্যায়ের তদন্ত বা সতর্কতা কমিটি গঠন এবং জাতীয় দৈনিকে গণবিজ্ঞপ্তি প্রকাশ করতে বলা হয়েছে।

    বুধবার (২৫ নভেম্বর) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রুলসহ এ আদেশ দেন।

    বাংলাদেশ বার কাউন্সিলের সচিবসহ সংশ্লিষ্ট কমিটির চেয়ারম্যানদের প্রতি এ নির্দেশ দেওয়া হয়েছে। আদালত দ্বৈত পেশায় নিয়োজিত আইনজীবীদের বিষয়ে আইন ও বিধি অনুসারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন।

    রিট আবেদনকারী সুপ্রিম কোর্টের আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া জানান, উচ্চপর্যায়ের তদন্ত বা সতর্কতা কমিটি গঠনের পাশাপাশি বহুল প্রচারিত জাতীয় দৈনিকে গণবিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন আদালত। গণবিজ্ঞপ্তির মাধ্যমে অন্য পেশা বা ব্যবসায় নিয়োজিত আইনজীবীদের সনদ বা লাইসেন্স সমর্পণ করতে অথবা ওই পেশা ও ব্যবসা থেকে বিরত থাকতে নির্দেশনা দেওয়া হবে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনগত ও শৃঙ্খলামূলক ব্যবস্থা নিতে হবে।

    এর আগে ২০২৩ সালের ৩০ জানুয়ারি আইন পেশার সনদ নিয়ে অন্য পেশা বা ব্যবসায় নিয়োজিত আইনজীবীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাংলাদেশ বার কাউন্সিলের সচিব বরাবর আবেদন করেন ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া। আবেদনে ১৯৭২ সালের বাংলাদেশ লিগ্যাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল আদেশের ৭০ অনুচ্ছেদ ও আচরণবিধি অনুসারে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

    আবেদনে উল্লেখ করা হয়, আইনজীবীদের কেউ কেউ আইন পেশার পাশাপাশি ব্যবসা-বাণিজ্য, ঠিকাদারি, পরিবহন ব্যবসা ও অন্যান্য বাণিজ্যিক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। আবার কেউ কেউ আইনজীবী হিসেবে সনদ সমর্পণ না করেই বিভিন্ন সরকারি-বেসরকারি ব্যাংক, বিমা প্রতিষ্ঠান, ওষুধের ফার্মেসি ও মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানে পূর্ণকালীন বা খণ্ডকালীন চাকরি করছেন।

    ওই আবেদনের বিষয়ে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় গত ১২ আগস্ট বার কাউন্সিলের সচিবসহ সংশ্লিষ্ট কমিটির চেয়ারম্যানদের আইনি নোটিশ পাঠান তিনি। তাতেও সাড়া না পাওয়ায় আবেদন নিষ্পত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতাকে চ্যালেঞ্জ করে গত ২৬ অক্টোবর হাইকোর্টে রিট করেন।

    রুলে ২০২৩ সালের ৩০ জানুয়ারি করা আবেদন নিষ্পত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়েছেন আদালত।

    আদালতে রিটের পক্ষে নিজেই শুনানি করেন আইনজীবী ফরহাদ উদ্দিন আহমেদ ভূঁইয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল খাঁন জিয়াউর রহমান।

    আরও পড়ুন