দেশের বাজারে একদিনের ব্যবধানে আবারও কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন করে সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে। নতুন নির্ধারিত দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা।
আজ বুধবার (২৫ নভেম্বর) সকালে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় এনে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে, যা পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে।
নতুন দাম অনুযায়ী অন্যান্য মানের সোনার দরও কিছুটা সমন্বয় করা হয়েছে। তবে সোনার বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি যুক্ত হবে। গহনার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
নতুন দাম অনুযায়ী, ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৮৫৮ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৯৬ হাজার ৮৩০ টাকা।
২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৬৮৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৮ হাজার ২৩ টাকা।
এছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৩৩৩ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬১ হাজার ৪৮৮ টাকা।
আর সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক হাজার ৮৬৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৩১ হাজার ৬২৮ টাকা।
এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশের বাজারে সোনার দাম সমন্বয় করা হয়েছিল। টানা কয়েক দফা ওঠানামার পর একদিনের ব্যবধানে দাম কমায় ক্রেতাদের মাঝে কিছুটা স্বস্তি ফিরেছে।
মঙ্গলবারের (২৪ নভেম্বর) ভ্যাটসহ সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ৮৭৫ টাকা বাড়িয়ে এক লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা, ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৪১৭ টাকা বাড়িয়ে ১ লাখ ৯০ হাজার ৭০৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ২৮৩ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬৩ হাজার ৮২১ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক হাজার ৪৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৩৩ হাজার ৪৯৪ টাকা নির্ধারণ করা হয়।
এদিকে সোনার দাম কমানো হলেও অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৩ হাজার ৩২ টাকা, ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার দাম ২ হাজার ৫০৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম এক হাজার ৯২৪ টাকা নির্ধারণ করা হয়।
এ নিয়ে চলতি বছর এখন পর্যন্ত দেশের বাজারে ১৪৫ বার সমন্বয় করা হয়েছে স্বর্ণের দাম। যেখানে দাম ৬৬ দফা বাড়ানো হয়েছে, কমানো হয়েছে ৭৯ দফা। আর গত ২০২৫ সালে দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল, যেখানে ৬৪ বার দাম বাড়ানো হয়েছিল আর কমানো হয়েছিল ২৯ বার।
প্রসঙ্গত, দেশের বাজারে গত ২৯ জানুয়ারি সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনায় ১৬ হাজার ২১৩ টাকা বাড়িয়ে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা নির্ধারণ করা হয়, যা দেশের ইতিহাসে রেকর্ড সৃষ্টি করে। এটাই ছিল সোনার সর্বোচ্চ দাম।
























