| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, নবায়নে শর্ত চায় ঢাকা
  • ডিসেম্বরে শেষ হচ্ছে গঙ্গা চুক্তি, নবায়নে শর্ত চায় ঢাকা

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন

    বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত ৩০ বছর মেয়াদি গঙ্গার পানিবণ্টন চুক্তির মেয়াদ আগামী ১২ ডিসেম্বর শেষ হচ্ছে। চুক্তির মেয়াদ ফুরানোর আগমুহূর্তে ঢাকায় বৈঠকে বসেছে দুই দেশের যৌথ নদী কমিশন (জেআরসি)।

    তবে চুক্তি নবায়ন করা হলে ন্যায্য হিস্যা অনুযায়ী নির্দিষ্ট পরিমাণ পানি পাওয়ার নিশ্চয়তা বা ‘গ্যারান্টি ক্লজ’ যুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ।

    রোববার (২২ নভেম্বর) শুরু হওয়া দুই দিনব্যাপী এ বৈঠক সোমবার (২৩ নভেম্বর) শেষ হচ্ছে। বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা গঙ্গা ও পদ্মা নদীর পানিপ্রবাহ সংক্রান্ত তথ্য-উপাত্ত বিনিময় করছেন। এছাড়া সমন্বিত প্রতিনিধি দল হার্ডিঞ্জ ব্রিজ এলাকায় নদীর পানিপ্রবাহ পরিমাপ ও পর্যবেক্ষণ করবে।

    তবে যৌথ নদী কমিশন জানিয়েছে, এবারের বৈঠকের আলোচ্যসূচিতে চুক্তির মেয়াদ বাড়ানো বা নতুন চুক্তি নিয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা রাখা হয়নি।

    বৈঠকে বাংলাদেশের পক্ষে যৌথ নদী কমিশনের সদস্য মো. আনোয়ার কাদির এবং ভারতের পানিসম্পদ বিভাগের কমিশনার শরদ চন্দ্র নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন।

    ১৯৯৬ সালে স্বাক্ষরিত চুক্তির আওতায় এটিই দুই দেশের সর্বশেষ আনুষ্ঠানিক বৈঠক। এর আগে গত ২২ মে ভারতের কলকাতায় তথ্য বিনিময়ের সর্বশেষ বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

    উজানে গঙ্গা নদীর ওপর ভারতের বাঁধ ও জলবিদ্যুৎকেন্দ্র নির্মাণের প্রভাবে শুষ্ক মৌসুমে বাংলাদেশের মধ্য ও দক্ষিণাঞ্চলে পদ্মার পানিপ্রবাহ মারাত্মকভাবে কমে যায়। এতে কৃষি, মৎস্য ও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। এ কারণেই নতুন চুক্তিতে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার দাবি জোরালো হয়েছে।

    ১৯৭৭ সালে প্রথমবারের মতো বাংলাদেশ ও ভারতের মধ্যে গঙ্গা পানিবণ্টন চুক্তি স্বাক্ষরিত হয়, যেখানে শুষ্ক মৌসুমে বাংলাদেশের জন্য ৩৪ হাজার ৫০০ কিউসেক পানির বিধান ছিল। পরবর্তীতে ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর ৩০ বছর মেয়াদি বর্তমান চুক্তিটি স্বাক্ষরিত হয়।

    এই চুক্তির সূচি অনুযায়ী, প্রতিবছর ১১ মার্চ থেকে ১০ মে পর্যন্ত শুষ্ক মৌসুমে ১০ দিন পরপর উভয় দেশের ৩৫ হাজার কিউসেক করে পানি পাওয়ার বিধান রয়েছে।

    আরও পড়ুন