দেশের বাজারে টানা নয় দফা কমার পর আবারও বেড়েছে সোনার দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ৩ হাজার ১৪৯ টাকা বাড়িয়ে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, সোমবার (২৩ নভেম্বর) সকাল ১০টা থেকেই নতুন এই দর কার্যকর হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার এই নতুন দাম নির্ধারণ করা হয়েছে।
নতুন দাম অনুযায়ী প্রতি ভরি সোনার দর:
২২ ক্যারেট: ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা (আগে ছিল ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা)
২১ ক্যারেট: ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা (আগে ছিল ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা)
১৮ ক্যারেট: ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা (আগে ছিল ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা)
সনাতন পদ্ধতি: ১ লাখ ৩২ হাজার ৪৪৫ টাকা (আগে ছিল ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা)
বাজুসের বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট ও বাজুস-নির্ধারিত ন্যূনতম মজুরি যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
এর আগে টানা নয় দফায় দাম কমে ২২ ক্যারেট সোনার ভরি ২ লাখ টাকার নিচে (১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা) নেমে এসেছিল। অন্যদিকে, সোনার দাম বাড়ানো হলেও দেশের বাজারে রুপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি রুপা ৩ হাজার ৩৩ টাকায় বিক্রি হচ্ছে।

























