| |
  • প্রচ্ছদ
  • অর্থ ও বাণিজ্য
  • খেলাপি ঋণ বেড়েছে প্রায় ২১ হাজার কোটি টাকা
  • বাংলাদেশ ব্যাংকের তথ্য

    খেলাপি ঋণ বেড়েছে প্রায় ২১ হাজার কোটি টাকা

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০১:০২ অপরাহ্ন

    দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ আরও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ তথ্য অনুযায়ী, চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর—এই তিন মাসে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়েছে ২০ হাজার ৮৪৯ কোটি টাকা।

    সেপ্টেম্বর শেষে মোট খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ২৭ হাজার ৪০৪ কোটি টাকায়, যা ব্যাংকগুলোর বিতরণ করা মোট ঋণের ৩৩ দশমিক ৮০ শতাংশ। অর্থাৎ ব্যাংক খাতের প্রতি ১০০ টাকা ঋণের প্রায় ৩৪ টাকাই এখন খেলাপিতে পরিণত হয়েছে।

    আজ সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ ব্যাংক খেলাপি ঋণের এই হালনাগাদ চিত্র প্রকাশ করেছে।

    কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, চলতি বছরের জুন মাস শেষে ব্যাংক খাতে মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকা। সে সময় তা ছিল মোট বিতরণকৃত ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশ।

    মাত্র তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণের হার বেড়েছে ১ শতাংশীয় পয়েন্টের বেশি। সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে মোট বিতরণ করা ঋণের স্থিতি দাঁড়িয়েছে প্রায় ১৮ লাখ ৫৬ হাজার ২০০ কোটি টাকা।

    শুধু গ্রস বা মোট খেলাপি ঋণই নয়, বেড়েছে নিট খেলাপি ঋণের হারও। জুন শেষে নিট খেলাপি ঋণের হার ছিল ১৫ দশমিক ২২ শতাংশ, যা সেপ্টেম্বর শেষে বেড়ে ১৬ দশমিক ১২ শতাংশে দাঁড়িয়েছে। এ ছাড়া খেলাপি ঋণের বিপরীতে প্রয়োজনীয় নিরাপত্তা সঞ্চিতি বা প্রভিশন সংরক্ষণেও বড় ঘাটতিতে রয়েছে ব্যাংকগুলো। সেপ্টেম্বর শেষে ব্যাংক খাতে প্রভিশন ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ১৮ হাজার ৩৩৯ কোটি টাকা।

    এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান গণমাধ্যমকে জানান, ভালো উদ্যোক্তাদের জন্য ঋণ পুনঃতফসিলসহ বিভিন্ন নীতিগত সহায়তা অনুমোদনের প্রক্রিয়ায় কিছুটা সময় লাগছে। কিছু ব্যাংক ইতোমধ্যে এসব সুবিধা অনুমোদন করেছে এবং অন্যগুলো বাস্তবায়নের পর্যায়ে রয়েছে।

    আগামী ডিসেম্বরের পর ভালো উদ্যোক্তারা খেলাপি ঋণের তালিকা থেকে বেরিয়ে এলে খেলাপি ঋণের পরিমাণ কমে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

    আরও পড়ুন