টানা অস্থিরতা ও সাময়িক বিরতির পর সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলের তৈরি পোশাকসহ বিভিন্ন কারখানায় ফিরতে শুরু করেছেন শ্রমিকরা। নির্ধারিত সময়ের মধ্যেই শ্রমিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কারখানাগুলোতে আবারও উৎপাদন কার্যক্রম স্বাভাবিক হতে শুরু করেছে।
রোববার (২২ নভেম্বর) সকালে অধিকাংশ কারখানায় শ্রমিকদের শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিতে দেখা গেছে।
তবে বিচ্ছিন্ন ঘটনার জেরে এখনো ২৩টি পোশাক কারখানা বন্ধ রয়েছে।
সকালে শিল্পাঞ্চলের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অন্যান্য দিনের মতো শ্রমিকরা নিজ নিজ কারখানায় যাচ্ছেন।
আশুলিয়ার বাইপাইল, জামগড়া, জিরাবো এবং সাভারের হেমায়েতপুর ও উলাইল এলাকার বিভিন্ন কারখানা ঘুরে দেখা গেছে, সকাল থেকেই শ্রমিকরা পরিচয়পত্র গলায় ঝুলিয়ে দলবেঁধে নিজ নিজ কর্মস্থলে প্রবেশ করছেন। কারখানাগুলোর প্রধান ফটকে সাধারণ দিনের মতোই শ্রমিকদের ব্যস্ততা লক্ষ্য করা গেছে।
কারখানা কর্তৃপক্ষ ও শিল্প পুলিশ সূত্রে জানা গেছে, অধিকাংশ কারখানায় আজ সকাল থেকেই স্বাভাবিক নিয়মে উৎপাদন শুরু হয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন রাখা হয়েছে। পাশাপাশি টহল জোরদার করেছে যৌথ বাহিনী।
কাজে ফেরা একাধিক শ্রমিক জানান, তাঁরা নিয়মিত কাজ করতে চান এবং কারখানার পরিবেশ শান্ত থাকুক—এটাই তাঁদের প্রত্যাশা। অন্যদিকে, মালিকপক্ষ জানিয়েছে, শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়ার বিষয়ে আলোচনা চলমান রয়েছে এবং উৎপাদন সচল রাখতে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
শিল্প পুলিশ-১-এর কর্মকর্তারা জানান, সাভার ও আশুলিয়া এলাকার সার্বিক পরিস্থিতি এখন পর্যন্ত পুরোপুরি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে।























