| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • আওয়ামী লীগ নিষিদ্ধে আইনি প্রক্রিয়া বিবেচনা করছে সরকার 
  • আইনমন্ত্রী

    আওয়ামী লীগ নিষিদ্ধে আইনি প্রক্রিয়া বিবেচনা করছে সরকার 

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন

    আওয়ামী লীগকে নিষিদ্ধ করার বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়টি বিবেচনাধীন রয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

    শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় জাতীয় জাদুঘরে ঢাকাস্থ চুয়াডাঙ্গার শিক্ষার্থীদের মিলনমেলা ও শিক্ষা বৃত্তি প্রদান অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকলেও দলটিকে নিষিদ্ধের বিষয়ে নতুন কোনো আইনি পদক্ষেপ নেওয়া হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগের এই বিষয়টি বিবেচনায় রয়েছে।’

    সম্প্রতি গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনায় আলাদা কোনো ট্রাইব্যুনাল গঠনের সুযোগ রয়েছে কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা আইনগত দিকগুলো খতিয়ে দেখছি। যেটা আইনি প্রক্রিয়া অনুমোদন করে, আমরা সেই পথে আগাব।’

    সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলাগুলোর বিচারে আলাদা ট্রাইব্যুনাল গঠন করা হবে কি না, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, একজনের জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজন নেই। আইনি প্রক্রিয়ায় বিচার চলবে। যেসব আদালতে মামলা হয়েছে, সংশ্লিষ্ট এখতিয়ার অনুযায়ী সেসব আদালতেই বিচার হবে।

    এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসন প্রতিষ্ঠার সংগ্রামে যারা অপরাধের সঙ্গে সম্পৃক্ত, তাদের আইনি ও রাজনৈতিকভাবে মোকাবিলা করা হবে। জেন-জি প্রজন্মের আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের যে নতুন যাত্রা শুরু হয়েছে, সেই পথ ধরেই বাংলাদেশকে এগিয়ে নিতে হবে।

    তিনি বলেন, ২০০৯ সাল থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত গণতন্ত্র, ভোটাধিকার ও আইনের শাসনের জন্য সংগ্রাম করতে গিয়ে বিরোধী রাজনৈতিক নেতাকর্মীরা দীর্ঘ সময় নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন। এ সময়ে প্রায় সাড়ে চার হাজার সহযোদ্ধাকে গুলি করে হত্যা করা হয়েছে, যেসব ঘটনাকে ক্রসফায়ার হিসেবে আখ্যায়িত করা হয়েছিল। গুমের শিকার হয়েছেন সাত শতাধিক সহযোদ্ধা। তাঁদের অনেকেই এখনো ফিরে আসেননি। অনেক পরিবার এখনো নিখোঁজ স্বজনের অপেক্ষায় রয়েছে।

    জুলাই গণ-অভ্যুত্থানে তরুণদের ভূমিকার কথা উল্লেখ করে আইনমন্ত্রী বলেন, ১৬ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত মাত্র ২০-২১ দিনের আন্দোলনে জেন-জি প্রজন্ম যে সাহস ও আত্মত্যাগের পরিচয় দিয়েছে, তা অনন্য। এ আন্দোলনে প্রায় ১ হাজার ৪০০ সহযোদ্ধাকে হারাতে হয়েছে। আহত হয়ে প্রায় ৩০ হাজার তরুণ পঙ্গুত্ব বরণ করেছেন। আবু সাঈদ, মুগ্ধ ও আনাসের মতো তরুণদের আত্মত্যাগ জাতি কখনো ভুলবে না।

    তিনি আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে জেন-জি প্রজন্মের সাহসী ভূমিকা জাতি আজীবন স্মরণ রাখবে। দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত রাখতে এই আত্মত্যাগের চেতনা ধারণ করতে হবে।

    আরও পড়ুন