রাজধানীর আগারগাঁওয়ের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের ‘হল অব ফেম’-এ রোববার (২২ নভেম্বর) শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ‘১৩তম জাতীয় এসএমই পণ্য মেলা-২০২৬’। সকাল ১০টায় মেলাটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ শনিবার (২১ নভেম্বর) রাজধানীর মতিঝিলে শিল্প মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে মেলা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব তথ্য তুলে ধরেন।
শিল্পমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিতে ক্ষুদ্র, কুটির, মাইক্রো ও মাঝারি শিল্পের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২৪ সালের অর্থনৈতিক সমীক্ষা অনুযায়ী, দেশে মোট ব্যবসাপ্রতিষ্ঠানের প্রায় ৯৯ শতাংশ এ খাতের।
শিল্প খাতে কর্মরত মোট জনবলের প্রায় ৮৫ শতাংশ এ খাতের সঙ্গে যুক্ত। এ খাতে কর্মরত জনবল প্রায় ৩ কোটি ৬ লাখ।
জিডিপিতে এ খাতের অবদান প্রায় ৩০ শতাংশ।
তিনি আরও বলেন, এসএমই উদ্যোক্তাদের প্রায় ৭০ শতাংশ ঢাকার বাইরে এবং প্রায় ৬৫ শতাংশ অনানুষ্ঠানিক খাতে রয়েছেন। ফলে এ খাতের উদ্যোক্তাদের বিকাশ, অর্থায়ন এবং বাজার সম্প্রসারণে বিশেষ উদ্যোগ প্রয়োজন।
শিল্পমন্ত্রী বলেন, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমইএফ) আয়োজিত এ মেলা চলবে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত। শতভাগ দেশীয় পণ্যের এই আয়োজনে সারা দেশ থেকে চার শতাধিক ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান অংশ নেবে, যার মধ্যে নারী উদ্যোক্তার হার প্রায় ৬০ শতাংশ।
খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, আগামীকাল সকাল ৯টায় বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে এ মেলার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এতে সভাপতিত্ব করবেন তিনি। বিশেষ অতিথি থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। ২২ থেকে ২৮ নভেম্বর প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশে কোনো ফি লাগবে না।
শিল্পমন্ত্রী বলেন, উদ্বোধনী অনুষ্ঠানে আটটি ক্যাটাগরিতে আটজন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬ দেওয়া হবে। পুরস্কারের ক্যাটাগরিগুলো হলো বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ), ক্ষুদ্র উদ্যোক্তা (নারী ও পুরুষ), মাইক্রো উদ্যোক্তা (নারী), স্টার্টআপ, গ্রিন এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা ও বিশেষ উদ্যোক্তা।
তিনি আরও বলেন, মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রায় ৬০ শতাংশ নারী উদ্যোক্তাদের। পাদুকা ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, হস্ত ও কারুশিল্প, ফ্যাশন ডিজাইন, হারবাল ও প্রসাধনী, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, জুয়েলারি, হালকা প্রকৌশল, তথ্যপ্রযুক্তি এবং প্লাস্টিক ও রাবারজাত পণ্যের প্রতিষ্ঠান থাকবে।
এ ছাড়া সরকারের অগ্রাধিকার প্রকল্প ‘এক গ্রাম এক পণ্য’, বিভিন্ন এসএমই ক্লাস্টার ও অগ্রাধিকার খাতের ৭৮টি প্রতিষ্ঠান এবং ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ২৮টি প্রতিষ্ঠান অংশ নেবে। দেশীয় উৎপাদনকারী ও সেবামূলক মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তারাই মেলায় পণ্য প্রদর্শন ও বিক্রির সুযোগ পাবেন। বিদেশি বা আমদানি করা পণ্য প্রদর্শন ও বিক্রি নিষিদ্ধ থাকবে।
শিল্পমন্ত্রী বলেন, মেলায় প্রতিদিন এসএমইবিষয়ক কর্মশালা, প্রশিক্ষণ এবং ব্যাংকার-উদ্যোক্তা ঋণ সংযোগ কার্যক্রম থাকবে। উদ্যোক্তারা অংশগ্রহণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে ঋণের বিষয়ে তথ্য ও পরামর্শ নিতে পারবেন। ব্যাংক ও উদ্যোক্তার মধ্যে সমঝোতা হলে মেলাতেই ঋণের আবেদন করার সুযোগ থাকবে।
এ ছাড়া ২৩ ও ২৪ নভেম্বর মেলার পাশাপাশি তিনটি সেমিনার ও একটি সংলাপ অনুষ্ঠিত হবে। এতে সহজ অর্থায়ন, তরুণ উদ্যোক্তা তৈরি, কর্মসংস্থান সৃষ্টি, এসএমই পণ্যের বাজার সুরক্ষা এবং বাজার সম্প্রসারণের বিষয়গুলো আলোচনায় আসবে। এসব অনুষ্ঠানে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার এবং বাংলাদেশ প্রতিযোগিতা কমিশনের চেয়ারম্যান এ এইচ এম আহসান অংশ নেবেন।
এসএমই ফাউন্ডেশনের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত অনুষ্ঠিত ১২টি জাতীয় এসএমই পণ্য মেলায় প্রায় চার হাজার উদ্যোক্তা অংশ নিয়েছেন। তারা প্রায় ৭২ কোটি টাকার পণ্য বিক্রির পাশাপাশি প্রায় ১০৯ কোটি টাকার পণ্যের ক্রয়াদেশ পেয়েছেন। এ ছাড়া ৯৪টি আঞ্চলিক ও বিভাগীয় এসএমই মেলায় প্রায় ৫ হাজার ১০০ উদ্যোক্তা অংশ নিয়েছেন।
এসএমই উদ্যোক্তাদের অবদানকে স্বীকৃতি দিতে এ পর্যন্ত ৭১ জন উদ্যোক্তাকে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার দেওয়া হয়েছে। তাদের মধ্যে ৩৭ জন নারী, ৩২ জন পুরুষ ও দুজন তৃতীয় লিঙ্গের উদ্যোক্তা রয়েছেন।
আয়োজকরা জানান, মেলায় বিদেশি বা আমদানি করা কোনো পণ্য প্রদর্শন ও বিক্রি করা যাবে না। পাশাপাশি অংশগ্রহণকারী উদ্যোক্তারা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলে ঋণসংক্রান্ত তথ্য ও পরামর্শ নেওয়ার সুযোগ পাবেন। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত বিনা প্রবেশ ফিতে দর্শনার্থীরা মেলা ঘুরে দেখতে পারবেন।
































