যথাযোগ্য মর্যাদা ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আজ ২১ নভেম্বর (শনিবার) উদযাপিত হচ্ছে সশস্ত্র বাহিনী দিবস। দিবসটি উপলক্ষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী।
আজ শনিবার (২১ নভেম্বর) সকালে ঢাকা সেনানিবাসের ‘শিখা অনির্বাণ’-এর বেদিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁরা এই শ্রদ্ধা জানান।
প্রথমে রাষ্ট্রপতি শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি ১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে শাহাদাতবরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এ সময় সেনা, নৌ ও বিমান বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে এবং বিউগলে করুণ সুর বাজানো হয়। পরে রাষ্ট্রপতি সেখানে রাখা পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
রাষ্ট্রপতির পর প্রধানমন্ত্রী শিখা অনির্বাণের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে তিনিও কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। শ্রদ্ধা নিবেদন শেষে প্রধানমন্ত্রী পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন।
এ সময় তিন বাহিনীর প্রধানগণ এবং সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও বেসামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
১৯৭১ সালের মহান স্বাধীনতা যুদ্ধে আত্মোৎসর্গকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে প্রতি বছর ২১ নভেম্বর সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়। দিবসটি উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
































