মজুরি বাড়ানোর দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে দেশের বিভিন্ন শিল্প এলাকায় ১২১টি তৈরি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে ৬৫টি কারখানা আগে থেকেই শ্রম আইনের ১৩(১) ধারায় ‘কাজ নেই, বেতন নেই’ ভিত্তিতে বন্ধ ছিল। নতুন করে উৎপাদন বন্ধ করতে হয়েছে আরও ৫৬টি কারখানায়।
রোববার (১৫ নভেম্বর) দুপুর পর্যন্ত এ তথ্য নিশ্চিত করেছেন তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সাবেক পরিচালক শোভন ইসলাম।
তিনি বাংলানিউজকে বলেন, সকালে কারখানা খোলার পর আশুলিয়ার মৌচাক, পল্লী বিদ্যুৎ ও কোনাবাড়ীসহ বিভিন্ন এলাকায় বহিরাগতরা এসে কিছু কারখানা থেকে শ্রমিকদের বের করে দেন। আবার কিছু কারখানায় শ্রমিকরা কাজে যোগ দিয়ে কার্ড পাঞ্চ করার পর বের হয়ে যান।
শোভন ইসলাম বলেন, শ্রমিকরা সকালে সড়ক অবরোধের চেষ্টা করেন। তবে পুলিশ ও বিজিবির সহযোগিতায় সড়কগুলো আবার সচল করা সম্ভব হয়েছে।
এদিকে আশুলিয়ায় শ্রম আইনের ১৩(১) ধারায় আগে থেকেই বন্ধের নোটিশ দেওয়া কারখানাগুলোও বন্ধ রয়েছে। সাভার ও আশুলিয়ায় এ ধারায় বন্ধ থাকা কারখানার মধ্যে রয়েছে ফ্যাশন ডট কম, এনভয় কমপ্লেক্স, তাহারাত কম্পোজিট, জিহান লিমিটেড, ম্যাগপাই কম্পোজিট, লুসাকা গ্রুপ, অরুণিমা গ্রুপ, লাইভ টেক্সটাইল, কানিজ ফ্যাশন, এম এম নিটওয়্যার, এএলএফ অ্যাপারেল, রেডিয়ান নিটওয়্যার ও ন্যাচারাল ডেনিমসহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান।
সব মিলিয়ে দেশের ৬৫টি কারখানার ফটকে ১৩(১) ধারায় বন্ধের নোটিশ দেওয়া হয়েছে।
তৈরি পোশাক খাতের একাধিক উদ্যোক্তা জানান, শ্রমিক অসন্তোষের কারণে কারখানা বন্ধ রাখতে হলে পণ্য সরবরাহ (শিপমেন্ট) বাতিল এবং কার্যাদেশ হারানোর ঝুঁকি রয়েছে। দীর্ঘ সময় উৎপাদন বন্ধ থাকলে নির্ধারিত সময়ে পণ্য সরবরাহ করা সম্ভব হবে না। এতে উদ্যোক্তা ও বিদেশি ক্রেতা উভয় পক্ষই ক্ষতিগ্রস্ত হবেন।
তাঁরা আরও জানান, সময়মতো পণ্য সরবরাহ করতে না পারলে বিদেশি ক্রেতারা কার্যাদেশ অন্য দেশে সরিয়ে নিতে পারেন। এ কারণে ঝুঁকি থাকা সত্ত্বেও অনেক উদ্যোক্তা কারখানা চালু রাখার চেষ্টা করছেন।






























