| |
  • প্রচ্ছদ
  • লীড-২
  • কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৯তম জন্মদিন
  • কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭৯তম জন্মদিন

    Icon
    সাহিত্য ডেস্ক
    প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন

    বাংলা সাহিত্যের জনপ্রিয়তম কথাসাহিত্যিক, নাট্যকার, চলচ্চিত্র নির্মাতা ও গীতিকার হুমায়ূন আহমেদের ৭৯তম জন্মদিন আজ (১৩ নভেম্বর)। ১৯৪৮ সালের এই দিনে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন জাদুকরী গদ্যের এই কারিগর। জন্মদিন উপলক্ষে পরিবার, ভক্ত-অনুরাগী এবং বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

    হুমায়ূন আহমেদের জন্মদিন উপলক্ষে গাজীপুরের নুহাশপল্লীতে বিশেষ আয়োজন করা হয়েছে। রাত ১২টা ১ মিনিটে মোমবাতি প্রজ্বালনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়। সকালে তাঁর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ, কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করে পরিবার ও নুহাশপল্লী কর্তৃপক্ষ। এছাড়া এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

    রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হুমায়ূন ভক্তদের সংগঠনগুলো কেক কাটা, আলোচনা সভা, পাঠচক্র এবং তাঁর নির্মিত চলচ্চিত্র ও নাটক প্রদর্শনীর আয়োজন করেছে। দেশের টেলিভিশন চ্যানেল ও বেতারগুলোতেও প্রচারিত হচ্ছে বিশেষ অনুষ্ঠানমালা।

    ১৯৭২ সালে প্রকাশিত প্রথম উপন্যাস ‘নন্দিত নরকে’ দিয়েই সাহিত্যাঙ্গনে নিজের শক্ত অবস্থান জানান দেন হুমায়ূন আহমেদ। এরপর একে একে ‘শঙ্খনীল কারাগার’, ‘জোছনা ও জননীর গল্প’, ‘মধ্যাহ্ন’, ‘দেয়াল’-এর মতো কালজয়ী উপন্যাস উপহার দেন তিনি। তাঁর সৃষ্ট ‘হিমু’, ‘মিসির আলি’ ও ‘শুভ্র’ চরিত্রগুলো বাংলা সাহিত্যে অমর হয়ে আছে।

    সাহিত্যের পাশাপাশি টেলিভিশন নাটক ও চলচ্চিত্রেও তিনি নতুন ধারার সূচনা করেন। ‘কোথাও কেউ নেই’, ‘আজ রবিবার’, ‘বহুব্রীহি’র মতো নাটক এবং ‘আগুনের পরশমণি’, ‘শ্রাবণ মেঘের দিন’, ‘দুই দুয়ারী’ ও ‘ঘেটুপুত্র কমলা’র মতো চলচ্চিত্র তাঁকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।

    ২০১২ সালের ১৯ জুলাই ক্যানসারের সঙ্গে লড়াই করে নিউইয়র্কের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বরেণ্য কথাশিল্পী।

    শারীরিকভাবে না থাকলেও তাঁর সৃষ্টি ও লেখনীর মধ্য দিয়ে আজও কোটি পাঠক ও দর্শকের হৃদয়ে বেঁচে আছেন হুমায়ূন আহমেদ।

    আরও পড়ুন