ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করেছে প্রশাসন। একই সঙ্গে ঘটনাটির অধিকতর তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীর নাম মো. রায়হান খান। তিনি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিজয় একাত্তর হলের আবাসিক ছাত্র।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ঢাকা ইউনিভার্সিটি অর্ডিন্যান্সেস অ্যান্ড রেগুলেশনস’-এর চ্যাপ্টার ১১-এর ধারা ৫(২) অনুযায়ী প্রক্টর অর্পিত ক্ষমতাবলে এ সাময়িক বহিষ্কারের আদেশ দেন।
ঘটনার বিস্তারিত ও নিরপেক্ষ তদন্তের জন্য প্রক্টর অধ্যাপক মো. ইসরাফিল প্রাংকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির অন্য সদস্যরা হলেন— অধ্যাপক ড. এনামুল হক সজীব, অধ্যাপক ড. শান্টু বড়ুয়া, ড. আলী মোহাম্মদ কাওসার ও মো. আমজাদ হোসেন। কমিটিকে আগামী সাত কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ, নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে তারা কঠোর ও সতর্ক অবস্থানে রয়েছে। তদন্ত কমিটির চূড়ান্ত প্রতিবেদন ও তথ্য-উপাত্তের ভিত্তিতে ওই শিক্ষার্থীর বিরুদ্ধে পরবর্তীতে স্থায়ী প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে।
























