নারায়ণগঞ্জের ফতুল্লায় জামিয়া আশরাফিয়া কওমি মাদ্রাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে ৬৩ শিক্ষার্থী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে জাতীয় বার্ন ইনস্টিটিউটে গিয়ে দেখা যায়, অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে চিকিৎসা নিতে আসা শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা গেছে। মাদ্রাসার কয়েকজন শিক্ষকও চিকিৎসা নিচ্ছেন। শিক্ষার্থীদের অধিকাংশের বয়স ১৫ থেকে ২০ বছরের মধ্যে।
ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার বলেন, এখন পর্যন্ত ৬৩ জন শিক্ষার্থী চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে চারজনকে আইসিইউতে রাখা হয়েছে। রোগীর সংখ্যা আরও বাড়ছে। তবে কারও শরীরে দগ্ধ হওয়ার চিহ্ন নেই। মূলত ধোঁয়ার কারণে শ্বাসকষ্টজনিত সমস্যায় তারা আক্রান্ত হয়েছেন।
মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি আজিজুর রহমান বলেন, মাদ্রাসার যে স্থানে আগুনের সূত্রপাত, সেখানে কোনো শিক্ষার্থী ছিল না। তবে আগুন লাগার পর পুরো মাদ্রাসায় ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়েন। মাদ্রাসায় একাধিক সিঁড়ি থাকায় সবাই দ্রুত বের হতে পেরেছেন।























