জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৫ অক্টোবর) দিনগত রাত ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টোকিওর উদ্দেশে তাঁর ঢাকা ছাড়ার কথা রয়েছে। দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য সম্প্রসারণ এবং বড় ধরনের বিনিয়োগের লক্ষ্যেই এই সফর অনুষ্ঠিত হচ্ছে।
কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে, সফরের দ্বিতীয় দিন মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী।
বৈঠকে মুক্ত ও নিরাপদ নৌচলাচল, আঞ্চলিক নিরাপত্তা, জ্বালানি সহযোগিতা এবং অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তির (ইপিএ) পূর্ণাঙ্গ বাস্তবায়নের বিষয়টি গুরুত্ব পাবে।
এছাড়াও সফরকালে জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্য প্রদান এবং জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর।
জাপানি শিল্প জায়ান্ট টয়োটা ও জেরার বিভিন্ন কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি কৃষি, মৎস্য, দক্ষতা উন্নয়ন এবং পরিবেশ সংরক্ষণ খাতে বেশ কিছু সমঝোতা স্মারক সই কিংবা সহযোগিতার ঘোষণা আসতে পারে।
বিশ্লেষকদের মতে, এই সফরের মাধ্যমে বাংলাদেশ ও জাপানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দৃঢ় হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতি ও অবকাঠামো উন্নয়নে জাপানি বিনিয়োগের নতুন দ্বার উন্মোচিত হবে।





























