বাংলাদেশে চীনা ব্যাংকগুলোর সরাসরি কার্যক্রম পরিচালনা এবং বিনিয়োগ অর্থায়নের নতুন ক্ষেত্র উন্মোচনের বার্তা নিয়ে চীনের রাজধানী বেইজিংয়ে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে ‘বাংলাদেশ ডে’। বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে দ্বিপক্ষীয় অর্থনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় করতেই এই বিশেষ উদ্যোগ নেওয়া হয়।
বুধবার (২১ অক্টোবর) বেইজিংয়ের বাংলাদেশ দূতাবাস জানায়, বাংলাদেশ বিনিয়োগ কর্তৃপক্ষ ও চায়না এক্সিম ব্যাংকের যৌথ উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে বাংলাদেশ দূতাবাস, বেইজিং সমন্বয়কের ভূমিকা পালন করে।
ইনভেস্ট বাংলাদেশের সঙ্গে যৌথভাবে এক্সপোর্ট-ইমপোর্ট ব্যাংক অব চায়নার সদর দপ্তরে এই আয়োজন করা হয়। এতে চীনের শীর্ষস্থানীয় ১১টি আর্থিক প্রতিষ্ঠান ও ব্যাংক অংশ নেয়। অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষ থেকে চীনা ব্যাংকগুলোকে বাংলাদেশে তাদের শাখা বা কার্যক্রম চালুর মাধ্যমে বিনিয়োগে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশের উৎপাদন খাত, বস্ত্রশিল্প এবং স্বাস্থ্যসেবার মতো অগ্রাধিকারপ্রাপ্ত খাতগুলোতে শীর্ষস্থানীয় চীনা প্রতিষ্ঠানগুলোকে সরাসরি বিনিয়োগে উৎসাহিত করা হচ্ছে। এর মাধ্যমে দেশের উৎপাদন ও সেবামুখী অর্থনীতির বিকাশ আরও ত্বরান্বিত হবে বলে আশা করা হচ্ছে।
বিশেষজ্ঞদের মতে, এই উদ্যোগের ফলে উভয় দেশের মধ্যকার বাণিজ্যিক অংশীদারিত্ব আরও গভীর হবে এবং বাংলাদেশে চীনা বিনিয়োগের নতুন দিগন্ত উন্মোচিত হবে।

























