আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী কংগ্রেস নির্বাচনের আগে ইরানে নতুন করে কোনো সামরিক হামলা চালাবে না যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে তেহরানের সঙ্গে চলমান সংঘাত অবসানে ‘ফলপ্রসূ’ আলোচনা চলছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প জানান, “ইসলামি প্রজাতন্ত্র ইরানের সঙ্গে আমাদের ফলপ্রসূ আলোচনা চলছে। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হতে যাওয়া মধ্যবর্তী নির্বাচনের আগে আমরা কোনো সময় ইরানে হামলা চালাব না।”
গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে যৌথ হামলার মধ্য দিয়ে সংঘাতের সূচনা হয়। প্রায় ৮ মাস ধরে চলা এই যুদ্ধ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভ্যন্তরীণ রাজনৈতিক জনপ্রিয়তায় বড় প্রভাব ফেলেছে।
মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে পেট্রল ও জ্বালানি তেলের দাম হু-হু করে বাড়ায় মার্কিন ভোটারদের জীবনযাত্রার ব্যয় আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে, সংঘাত মোকাবিলায় ট্রাম্পের ভূমিকা নিয়ে দেশটির সিংহভাগ নাগরিকই অসন্তুষ্ট।
এমন এক রাজনৈতিক চাপের মুখে দাঁড়িয়ে নভেম্বরের কংগ্রেস নির্বাচনে নিজেদের আধিপত্য ধরে রাখতে আপাতত সামরিক উত্তেজনা প্রশমনের কৌশল বেছে নিয়েছেন ট্রাম্প।
নির্বাচনের আগে হামলা না চালানোর ঘোষণা দিয়ে সাময়িক বিরতির ইঙ্গিত দিলেও, স্থায়ী যুদ্ধবিরতি এবং হরমুজ প্রণালি স্বাভাবিক করার আন্তর্জাতিক সংকটগুলো এখনো অমীমাংসিত রয়ে গেছে।


























