ত্রয়োদশ জাতীয় সংসদের ঠাকুরগাঁও-১ (সদর, রুহিয়া ও ভুল্লী) আসনের উপনির্বাচনে জাল ভোট দিতে গিয়ে তিন জন ভুয়া ভোটারকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আজ বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে ঠাকুরগাঁও সদর উপজেলার দানারহাট আনছারিয়া ফাজিল মাদরাসা ভোটকেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
আটক তিনজন হলেন— হিমেল, সিয়াম ও মিনহাজ। তাদের মধ্যে হিমেল আলিম দ্বিতীয় বর্ষের এবং সিয়াম ও মিনহাজ আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রটির প্রিজাইডিং অফিসার মুহাম্মদ আবু সায়েম জানান, সবার সহযোগিতায় ওই তিনজনকে ভুয়া ভোটার হিসেবে শনাক্ত করা হয়। পরে খবর পেয়ে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট কেন্দ্রে এসে তাদের জিজ্ঞাসাবাদ করেন।
বর্তমানে তাদের একটি কক্ষে আটকে রাখা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
উল্লেখ্য, সকাল ৮টা থেকে শান্তিপূর্ণ পরিবেশে এই আসনের ১৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়। এই উপনির্বাচনে বিভিন্ন দলের পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন রয়েছে।


























