| |
  • প্রচ্ছদ
  • আদালত
  • হানিফের মৃত্যুদণ্ড ও সহযোগীদের আমৃত্যু কারাদণ্ড
  • মানবতাবিরোধী অপরাধ মামলা

    হানিফের মৃত্যুদণ্ড ও সহযোগীদের আমৃত্যু কারাদণ্ড

    Icon
    আদালত প্রতিবেদক
    প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬, ০৩:২৭ অপরাহ্ন

    ২৪-এর জুলাই গণ-অভ্যুত্থানের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই মামলার অন্য তিন আসামিকে আমৃত্যু সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

    বৃহস্পতিবার (২৯ অক্টোবর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর দুই বিচারক হলেন মো. মঞ্জুরুল বাছিদ ও নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।

    আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত তিন আসামি হলেন—কুষ্টিয়া জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সদর উদ্দিন খান, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসগর আলী এবং কুষ্টিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা। দণ্ডপ্রাপ্ত চার আসামির সবাই বর্তমানে পলাতক রয়েছেন।

    রায়ে ট্রাইব্যুনাল হানিফকে একটি অভিযোগে মৃত্যুদণ্ড এবং আরও দুটি অভিযোগে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেন। অন্য তিন আসামিকে একটি অভিযোগে আমৃত্যু কারাদণ্ড এবং দুটি অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি, সাজাপ্রাপ্ত সকল আসামির স্থাবর সম্পত্তির অর্ধেক বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন আদালত। বাজয়াপ্ত সম্পত্তি বিক্রির অর্থ ‘জুলাই ফাউন্ডেশন’ বা উপযুক্ত সংস্থার মাধ্যমে গণ-আন্দোলনে নিহত ও আহতদের পরিবারকে ক্ষতিপূরণ হিসেবে প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে।

    প্রসিকিউশনের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানকালে আন্দোলনকারীদের চিহ্নিত করে ড্রোন ও হেলিকপ্টার থেকে গুলি চালিয়ে দমনের পরিকল্পনা, উসকানিমূলক বক্তব্য প্রদান এবং ৫ আগস্ট কুষ্টিয়া শহরে ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় নেতৃত্ব ও সহায়তার অভিযোগে আসামিদের বিরুদ্ধে তিনটি পৃথক অভিযোগ আনা হয়েছিল।

    আরও পড়ুন