নতুন বেতনকাঠামো অনুযায়ী সরকারি কর্মকর্তা-কর্মচারীরা আগামী অক্টোবর মাসের বেতনের সঙ্গেই পাচ্ছেন প্রায় তিন মাসের বকেয়া বা এরিয়ার। তবে কে কত টাকা বকেয়া পাবেন, তা নির্ভর করবে তাদের নতুন বেতন নির্ধারণ বা ‘পে ফিক্সেশন’-এর ওপর। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
আগামীকাল সোমবার (৫ অক্টোবর) থেকে সরকারি চাকরিজীবীদের নতুন বেতন নির্ধারণের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। ২০ অক্টোবরের মধ্যে এ প্রক্রিয়া শেষ করার নির্দেশ দিয়েছে অর্থ বিভাগ। আইবাস প্লাস প্লাসের (iBAS++) পে ফিক্সেশন মডিউলে প্রবেশ করে সরকারি চাকরিজীবীদের নিজ নিজ তথ্যাবলি জমা দিতে হবে।
এতে জাতীয় পরিচয়পত্র (NID), জন্মতারিখ, বর্তমান পদ, গ্রেড, চাকরিতে যোগদানের তারিখ, বর্তমান মূল বেতন এবং আগের বেতন নির্ধারণের বিবরণ সঠিকভাবে মিলিয়ে দেখতে হবে। এ ছাড়া যাদের পদোন্নতি, বদলি, টাইম স্কেল বা উচ্চতর গ্রেড সুবিধা রয়েছে, সেসংক্রান্ত প্রয়োজনীয় অফিস আদেশ ও নথি প্রস্তুত রেখে সিস্টেমে তা নিশ্চিত করতে বলা হয়েছে।
অনলাইনে এসব তথ্য প্রদানের পর সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয় নথিপত্রগুলো যাচাই-বাছাই করবে। কোনো অসংগতি না থাকলে বেতন নির্ধারণ চূড়ান্ত করা হবে এবং তার ভিত্তিতে নতুন মূল বেতন ও তিন মাসের বকেয়ার আলাদা হিসাব প্রস্তুত করা হবে।
অর্থ বিভাগের সূত্রে জানানো হয়, সরকারি চাকরিজীবীদের গ্রেড, বর্তমান মূল বেতন, নতুন কাঠামোয় নির্ধারিত বেতন এবং বেতন কার্যকরের তারিখভেদে বকেয়ার পরিমাণে ভিন্নতা আসবে। বেতন নির্ধারণ প্রক্রিয়া সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে ইতোমধ্যে হিসাবরক্ষণ কার্যালয়গুলোর কর্মকর্তাদের অনলাইন প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে।
উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর ঘোষিত নতুন জাতীয় বেতনকাঠামো অনুযায়ী ১ জুলাই ২০২৬ থেকে নতুন মূল বেতন আংশিকভাবে কার্যকর ধরা হয়েছে।
ফলে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বর—এই তিন মাসের সমন্বিত বকেয়া টাকা অক্টোবরের নিয়মিত বেতনের সাথেই পরিশোধের প্রস্তুতি নিচ্ছে সরকার।




























