ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে লড়াইয়ে জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকতে সৌদি আরবের সেনাদের প্রতি আহ্বান জানিয়েছেন দেশটির শীর্ষ ধর্মীয় নেতা গ্র্যান্ড মুফতি শেখ সালেহ বিন ফাওজান আল-ফাওজান।
সৌদি প্রেস এজেন্সিতে (এসপিএ) প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, দেশের ভূখণ্ড রক্ষা করা এবং এর এক ইঞ্চির ওপরও যারা হাত বাড়াতে চায়, তাদের শাস্তি দেওয়া সবচেয়ে বড় দায়িত্ব ও সর্বোত্তম ইবাদতের কাজগুলোর মধ্যে অন্যতম।
আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এ দায়িত্ব পালনে জীবন ও আত্মা উৎসর্গের জন্য প্রস্তুত থাকতে হবে। ইয়েমেন সীমান্তে মোতায়েন সেনাদের উদ্দেশে দেওয়া এই বিরল ও কঠোর বার্তায় কোরআনের আয়াত এবং আল্লাহর সন্তুষ্টির জন্য আত্মত্যাগ ও প্রতিরক্ষায় সংগ্রাম নিয়ে মহানবী হজরত মুহাম্মদ (সা.) এর বাণীর উল্লেখ করা হয়েছে।
কয়েক সপ্তাহ ধরে সৌদি আরব ও হুথিদের মধ্যে সহিংসতা বাড়ছে। ইরান-সমর্থিত হুথিরা সৌদি আরবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। জবাবে সৌদি আরবও বিমান হামলা চালাচ্ছে। হুথিরা ইয়েমেনের লোহিত সাগর উপকূলের বড় একটি অংশ দখল করেছে।
এর মধ্যে রয়েছে কৌশলগত বন্দরনগরী মোখা ও উপকূলীয় শহর ধুবাব। বাব আল-মান্দেব প্রণালীর আশপাশের গুরুত্বপূর্ণ দ্বীপগুলোতেও তারা অবস্থান নিয়েছে। এ ছাড়া লোহিত সাগরের আরও কয়েকটি কৌশলগত দ্বীপ দখল করেছে গোষ্ঠীটি।
ফলে বাব আল-মান্দেব ইয়েমেন অংশের ওপর তাদের কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে এবং লোহিত সাগর ও এডেন উপসাগরের মধ্য দিয়ে চলাচলকারী জাহাজের গতিপথে হুমকি বা বিঘ্ন ঘটানোর সক্ষমতা তৈরি হয়েছে।
সূত্র: আরব নিউজ
























