জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুলের এক দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে এই উচ্চপর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রী বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ ও দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। আলোচনায় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতা বৃদ্ধি এবং কৌশলগত অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে বিস্তারিত কথা হয়।
এছাড়া উভয় নেতা আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা গুরুত্বপূর্ণ ইস্যু এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে নিজ নিজ দেশের অবস্থান ও মতবিনিময় করেন। বাণিজ্যিক সুযোগ-সুবিধা সৃষ্টি ও দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সংযোগ বাড়াতে নিয়মিত যোগাযোগ বজায় রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
























