| |
  • প্রচ্ছদ
  • বিশ্ব
  • ইরান-যুক্তরাষ্ট্রকে আলোচনায় ফেরাতে চায় পাকিস্তান
  • ইরান-যুক্তরাষ্ট্রকে আলোচনায় ফেরাতে চায় পাকিস্তান

    Icon
    আন্তর্জাতিক ডেস্ক
    প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

    যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পারস্পরিক অনাস্থা এবং সমঝোতা স্মারক বাস্তবায়নে কিছুটা অনিচ্ছা থাকলেও দুই দেশকে আবারও আলোচনার টেবিলে ফেরাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে পাকিস্তান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) জাতিসংঘে পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমেদের এক সাক্ষাৎকারের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আনাদোলু এজেন্সি।

    গত জুনে পাকিস্তান ও কাতারের যৌথ মধ্যস্থতায় স্বাক্ষরিত ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’-এ দুই দেশের বৈরিতা অবসান, স্থায়ী সমাধানে পৌঁছাতে ৬০ দিনের সময়সীমা এবং হরমুজ প্রণালী বাণিজ্যিক নৌ চলাচলের জন্য উন্মুক্ত রাখার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

    তবে মার্কিন নিষেধাজ্ঞা ও নৌ অবরোধসংক্রান্ত বিষয়গুলো বাস্তবায়ন না হওয়ার জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করছে ইরান। অন্যদিকে ওয়াশিংটন ও উপসাগরীয় দেশগুলো হরমুজ প্রণালীতে অবাধ নৌ চলাচলের ওপর জোর দিচ্ছে। আসিম ইফতিখার আহমেদ বলেন, দুই দেশের সর্বোচ্চ পর্যায়ে পাকিস্তানের নিরবচ্ছিন্ন যোগাযোগ রয়েছে।

    অতীতের তীব্র সংঘাতের মধ্যেও যখন যুদ্ধবিরতি ও চুক্তি স্বাক্ষর সম্ভব হয়েছিল, তখন বর্তমান সংকট সমাধানেও দুই পক্ষকে আবার আলোচনার টেবিলে ফেরানো সম্ভব বলে তিনি আশাবাদী। গাজা পরিস্থিতি নিয়ে পাকিস্তানি এই প্রতিনিধি সতর্ক করে বলেন, অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের নীতি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে মারাত্মকভাবে ব্যাহত করছে।

    গাজায় যুদ্ধবিরতির ঘোষণা সত্ত্বেও ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলায় শত শত নিরীহ মানুষ প্রাণ হারিয়েছেন বলেও জানান তিনি। উল্লেখ্য, আমনা বালুচের স্থলাভিষিক্ত হয়ে পাকিস্তানের ৩৪তম পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ পেয়েছেন আসিম ইফতিখার আহমেদ।

    সূত্র: আনাদোলু এজেন্সি

    আরও পড়ুন