বাংলাদেশ ও রাশিয়ার সংসদীয় সম্পর্ক জোরদার, অভিজ্ঞতা বিনিময় এবং যৌথ সহযোগিতার ক্ষেত্রগুলো বিস্তৃত করার লক্ষ্যে গঠিত ‘বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গ্রুপ’-এর প্রতিনিধিদল ঢাকায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সঙ্গে বৈঠকে মিলিত হয়েছে।
বৈঠকে বাংলাদেশ-রাশিয়া সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে রাশিয়ার ঐতিহাসিক অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। তিনি উল্লেখ করেন, দুই দেশের পারস্পরিক সুসম্পর্ক এখন গভীর কৌশলগত ও বিশ্বস্ত অংশীদারিত্বে রূপ নিয়েছে।
কৃষি, শিক্ষা, পারমাণবিক বিজ্ঞান, খাদ্য নিরাপত্তা, জ্বালানি প্রযুক্তি এবং দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক সুসম্পর্ক (পিপল-টু-পিপল কানেকশন) বাড়াতে যৌথ উদ্যোগের তাগিদ দেওয়া হয়।
রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন প্রতিনিধিদলকে স্বাগত জানিয়ে বলেন, দুই দেশের আইনপ্রণেতাদের দক্ষতা ও অভিজ্ঞতা বিনিময়ে রাশিয়া সার্বিক সহযোগিতা করবে। এর ফলে বাণিজ্য, অর্থনীতি ও কূটনৈতিক যোগাযোগ নতুন মাত্রা পাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
জানা গেছে, ঢাকার মতোই রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ ‘স্টেট দুমা’-তেও বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক জোরদারে একটি সংসদীয় মৈত্রী দল বা ‘গ্রুপ অব ডেপুটিস’ গঠিত হয়েছে। সংসদীয় মৈত্রী গ্রুপের সভাপতি আলতাফ হোসেন চৌধুরীর নেতৃত্বে বৈঠকে উপস্থিত ছিলেন সংসদ সদস্য খাইরুল কবির খোকন, সাঈদ আল নোমান, সাইফুল আলম, আতিকুর রহমান মুজাহিদ এবং জেবা আমিন খান।
এছাড়া কূটনৈতিক প্রটোকল সমন্বয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পূর্ব ইউরোপ ও সিআইএস অনুবিভাগের মহাপরিচালক এস এম মাহবুবুল আলম এবং রাশিয়ান ফ্রেন্ডশিপ সোসাইটি উইথ বাংলাদেশের সভাপতি মিয়া সাত্তার উপস্থিত ছিলেন।































