দেশের বাজারে সোনা ও রুপার দাম কমানো হয়েছে। আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হবে। সকালে বাজার পরিস্থিতি বিবেচনায় সর্বসম্মতিক্রমে এ দাম কমানো হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।
সংগঠনটির স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১৯ হাজার ৮৮০ টাকা (প্রতি ভরি ২ লাখ ৩১ হাজার ৮৮২ টাকা)।
২১ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১৮ হাজার ৯৮৫ টাকা (প্রতি ভরি ২ লাখ ২১ হাজার ৪৩৭ টাকা)। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১৬ হাজার ৩০০ টাকা (প্রতি ভরি ১ লাখ ৯০ হাজার ১২০ টাকা)।
আর সনাতন পদ্ধতির প্রতি গ্রাম সোনার দাম নির্ধারণ করা হয়েছে ১৩ হাজার ৩১৫ টাকা (প্রতি ভরি ১ লাখ ৫৫ হাজার ৩০৩ টাকা)। একই সঙ্গে কমানো হয়েছে রুপার দামও। নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৪৩০ টাকা (প্রতি ভরি ৫ হাজার ১৫ টাকা)।
২১ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ৪১০ টাকা (প্রতি ভরি ৪ হাজার ৭৮২ টাকা), ১৮ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ৩৫০ টাকা (প্রতি ভরি ৪ হাজার ৮২ টাকা) এবং সনাতন পদ্ধতির প্রতি গ্রাম রুপার দাম ২৬৫ টাকা (প্রতি ভরি ৩ হাজার ৯১ টাকা) নির্ধারণ করা হয়েছে।
বাজুস জানায়, অলংকারের ডিজাইন অনুযায়ী মজুরি প্রযোজ্য হবে। অলংকারের বিক্রয়মূল্যের সাথে ভ্যাট যুক্ত থাকায় গ্রাহকদের কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায় করা যাবে না। তবে অলংকার এক্সচেঞ্জের ক্ষেত্রে ১২% এবং পারচেজের ক্ষেত্রে ১৮% বাদ দিতে হবে, যেখানে ভ্যাট আলাদাভাবে বাদ দেওয়া যাবে না।
পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত জুয়েলারি প্রতিষ্ঠানে এ বিক্রয়মূল্য কার্যকর থাকবে।























