| |
  • প্রচ্ছদ
  • একুশে বইমেলা
  • শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল
  • শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন

    একুশের প্রথম প্রহরে ভাষার প্রতি অগাধ ভালোবাসা আর শহীদদের প্রতি অশ্রুসজল শ্রদ্ধায় মাথা নত করল জাতি। রাত পেরিয়ে ঘড়ির কাঁটা যখন বারোটায় স্পর্শ করে, তখনই ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে নেমে আসে এক গম্ভীর, পবিত্র আবহ।

    নিস্তব্ধতার ভেতর ধ্বনিত হতে থাকে ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’—অমর একুশের সেই চিরচেনা গান। প্রথম প্রহরেই শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

    এরপর তিন বাহিনীর প্রধান, মন্ত্রিপরিষদ সদস্য, বিরোধী দলসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থা ও প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। নিরাপত্তার কড়াকড়ি থাকলেও সাধারণ মানুষের ঢল থামেনি। রাত বাড়ার সঙ্গে সঙ্গে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে খালি পায়ে, কালো ব্যাজ ধারণ করে, হাতে ফুল নিয়ে শহীদ মিনারের দিকে ছুটে আসেন সর্বস্তরের মানুষ। এছাড়া বিভিন্ন সংগঠন শহীদ মিনারে শ্রদ্ধা জানায়।

    বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থী থেকে শুরু করে শিশু-কিশোর, প্রবীণ নাগরিক- সব বয়সী মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠে শহীদ মিনার এলাকা। অনেকেই পরিবারের ছোট সদস্যদের সঙ্গে নিয়ে এসেছেন, নতুন প্রজন্মকে ভাষা আন্দোলনের ইতিহাস জানানোর প্রত্যয়ে।

    শহীদ মিনারে কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যোবায়ের হাসান। তিনি বলেন, একুশ আমাদের অহংকার।

    ভাষা শহীদেরা তাদের জীবন উৎসর্গ না করলে আমরা আমাদের ভাষার মর্যাদা পেতাম না। একুশ আমাদের শিখিয়েছে অধিকার আদায় করা। তাই একুশের প্রথম প্রহরেই এই মহান বীরদের শ্রদ্ধা জানাতে এসেছি। রাজধানীর মিরপুরের বাসিন্দা জাকির হোসেন তার পরিবারসহ শহীদ মিনারে এসেছেন। তিনি বলেন, একুশ আমাদের চেতনা।

    একুশ আমাদের সংগ্রামের প্রেরণা। ভবিষ্যত প্রজন্মকে একুশের ইতিহাস জানাতে সপরিবারে শ্রদ্ধা জানাতে এসেছি।

    আরও পড়ুন