পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদ চত্বরে শুরু হয়েছে মাসব্যাপী আন্তর্জাতিক ইসলামী বইমেলা। ইসলামিক ফাউন্ডেশনের প্রকাশনা বিভাগের আয়োজনে বায়তুল মোকাররমের পূর্ব ও দক্ষিণ চত্বরে আগামী ১১ অক্টোবর পর্যন্ত এ মেলা চলবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) আসরের নামাজের পর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। মেলা প্রতিদিন বেলা ১১টা থেকে রাত ১০টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকবে (ছুটির দিনে সকাল ১০টা থেকে)।
দেশি-বিদেশি মিলিয়ে মোট ২০৬টি প্রকাশনা প্রতিষ্ঠান এতে অংশ নিয়েছে এবং মেলায় মোট ১৪৪টি স্টল রয়েছে। বাংলাদেশ ছাড়াও মিশর, লেবানন, পাকিস্তান ও ভারত থেকে আন্তর্জাতিক প্রকাশনা প্রতিষ্ঠানগুলো অংশ নিয়েছে।
মেলায় পবিত্র কোরআনের অনুবাদ ও তাফসির, হাদিস, সীরাত, ইসলামী দর্শন ও শিশু-কিশোরদের শিক্ষামূলক বই পাওয়া যাচ্ছে। এছাড়া নারী কর্নার, শিশু কর্নার, সীরাত কর্নার ও ম্যাগাজিন কর্নারের পাশাপাশি বইয়ের মোড়ক উন্মোচনের বিশেষ ব্যবস্থা রয়েছে।


























