পিরোজপুরের ভাণ্ডারিয়ায় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা দুটি বাসে গভীর রাতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় বাসের ভেতরে ঘুমিয়ে থাকা মো. সিয়াম (২৫) নামে এক হেলপার দগ্ধ হয়ে নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৪টার দিকে ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডে ‘বাহক’ ও ‘লিসা’ পরিবহনের দুটি বাসে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নিহত সিয়াম বরিশাল জেলার উজিরপুর উপজেলার শিকারপুর উজিরপুর ইউনিয়নের কবির হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে ৪টার দিকে ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা বরিশাল বাস মালিক সমিতির ‘বাহক’ (বরিশাল মেট্রো-ব ১১-০১৩২) এবং ঝালকাঠি বাস মালিক সমিতির ‘লিসা’ (খুলনা মেট্রো-ব ১১-০০৫১) পরিবহনের বাস দুটিতে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। আগুন দেখতে পেয়ে স্থানীয়রা চিৎকার শুরু করেন এবং পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আশপাশের বাসে ঘুমিয়ে থাকা চালক ও সহকারীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভানোর পর ‘বাহক’ পরিবহনের বাসের ভেতর থেকে হেলপার সিয়ামের দগ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।
জানা গেছে, ‘লিসা’ পরিবহনের বাসটির মালিক ঝালকাঠি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি মো. শাহ আলম সরদার। অন্যদিকে ‘বাহক’ পরিবহনের বাসটির মালিক ঝালকাঠির অমিত পাল।
এ বিষয়ে ভাণ্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জগলুল হাসান জানান, ভোররাত ৪টার দিকে ভাণ্ডারিয়া বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা দুটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয়। এতে বাস দুটি সম্পূর্ণ পুড়ে যায় এবং ভেতরে ঘুমিয়ে থাকা এক হেলপার দগ্ধ হয়ে মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। থানা-পুলিশও দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
তিনি আরও জানান, পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


























