| |
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: সংস্কৃতি প্রতিমন্ত্রী
  • মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: সংস্কৃতি প্রতিমন্ত্রী

    Icon
    নিজস্ব প্রতিবেদক
    প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন

    মাদকসহ নানা সামাজিক সমস্যা থেকে নতুন প্রজন্মকে রক্ষা করতে তাদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

    শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে রাজবাড়ী সদর উপজেলার দাদশী ইউনিয়নের রেলের মাঠে সূর্য-শিখা ক্লাব আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্মৃতি টুর্নামেন্ট-২০২৬ (সিজন-২) ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, খেলাধুলার মধ্য দিয়ে সমাজকে ঠিক করতে হবে। সমাজে মাদকসহ নানা ধরনের সমস্যা রয়েছে। এসব সমস্যা মোকাবিলায় নতুন প্রজন্মকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানও নতুন প্রজন্মকে খেলাধুলায় আগ্রহী করে তোলার বার্তা দিয়েছেন।

    টুর্নামেন্টের ফাইনালে জায়ান স্পোর্টিং ক্লাব ৩-০ গোলে শিশু-কিশোর ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে ক্রেস্ট ও প্রাইজমানি তুলে দেন প্রতিমন্ত্রীসহ অতিথিরা।

    দাদশী সূর্য-শিখা ক্লাবের সভাপতি মোতালেব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নসীম আনছারী, সাবেক সদস্য সচিব এ বি এম মঞ্জুরুল আলম দুলাল, সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে এ সবুর শাহীন, জেলা যুবদলের আহ্বায়ক খাইরুল আনাম বকুলসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতারা।

    অনুষ্ঠান পরিচালনা করেন সূর্য-শিখা ক্লাবের সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন।

    আরও পড়ুন