বেতন বৃদ্ধিসহ বিভিন্ন দাবিতে গাজীপুরে ফের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাক কারখানার শ্রমিকরা। এতে মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ হয়ে পড়েছে। সৃষ্টি হয়েছে দীর্ঘ যানজট ও ভোগান্তি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে জেলার মৌচাক এলাকায় কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে মহাসড়কে অবস্থান নেন।
জানা গেছে, ন্যূনতম মজুরি দ্রুত কার্যকরসহ কয়েকটি দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকরা প্রথমে আন্দোলন শুরু করেন। পরে আশপাশের অন্যান্য কারখানার শ্রমিকরাও এতে যোগ দেন। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে সড়কের উভয় পাশে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
এদিকে গাজীপুরের কোনাবাড়ী ও জরুন এলাকায় ইসলাম ও স্ট্যান্ডার্ড গার্মেন্টসের শ্রমিকরা কারখানায় প্রবেশ না করে বাইরে অবস্থান করছেন। অন্যদিকে, কোনাবাড়ীতে অবস্থিত এম এম নিটওয়্যার লিমিটেড অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সকালে শ্রমিকরা সড়ক অবরোধ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের সরিয়ে দিলেও শ্রমিকরা আবারও সড়কে অবস্থান নিচ্ছেন।
তিনি আরও জানান, ঘটনাস্থলে বিজিবি, এসআরবি ও পুলিশ সদস্যরা রয়েছেন।
























