বাসে আগুন দেওয়া ও ককটেল নিক্ষেপের মতো সহিংস কার্যক্রমে জড়িত অপরাধীদের চিহ্নিত ও গ্রেপ্তার করতে অভিনব উদ্যোগের কথা জানিয়েছেন গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর। সহিংসতাকারীদের বিষয়ে সঠিক তথ্য দিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরিয়ে দিতে পারলে নগদ ২০ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে বলে ঘোষণা দেন তিনি।
তিনি ঘোষণা দিয়ে বলেন, এসব অপরাধে জড়িতদের ধরে পুলিশের হাতে তুলে দিতে পারলে দলের পক্ষ থেকে প্রত্যেককে ২০ হাজার টাকা করে পুরস্কার দেওয়া হবে।
মঙ্গলবার (১০ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গণ অধিকার পরিষদ আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৭ নভেম্বর ইতিহাসের বাঁকবদল ও বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব শীর্ষক আলোচনা সভায় সভাপতির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
সংহতি ও কঠোর হুঁশিয়ারি বার্তা দিয়ে নুর জানান, গণপরিবহন ও সাধারণ মানুষের নিরাপত্তাই এখন প্রধান অগ্রাধিকার। নাশকতাকারীদের প্রতিরোধে তিনি সর্বস্তরের সাধারণ জনগণকে সজাগ থাকার এবং পুলিশকে সহায়তার আহ্বান জানান।
























