জাতিসংঘের ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলনে (কপ-৩১) যোগ দিতে তিন দিনের সরকারি সফরে আগামীকাল মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন প্রধানমন্ত্রী।
তুরস্কের উপকূলীয় শহর আন্তালিয়ায় আগামী ১১ ও ১২ নভেম্বর বিশ্ব নেতাদের এই শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে ১২ নভেম্বর সম্মেলনের মূল বা পূর্ণাঙ্গ অধিবেশনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।
বক্তব্যে জলবায়ু ন্যায়বিচার, উন্নত দেশগুলোর ঐতিহাসিক দায়বদ্ধতা, বিশ্বব্যাপী ক্ষয়ক্ষতি মোকাবিলা এবং ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য নির্ভরযোগ্য জলবায়ু অর্থায়নের দাবি জোরালোভাবে তুলে ধরা হবে।
সফরকালে প্রধানমন্ত্রী কপ-৩১ শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বিশ্ব নেতাদের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। এর মধ্যে তুরস্কের প্রেসিডেন্ট রেসেপ তাইয়্যেপ এরদোয়ান ছাড়াও কয়েকটি দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানের সাথে প্রধানমন্ত্রীর দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উচ্চপর্যায়ের এই সফরে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নিচ্ছেন।
আগামী ১২ নভেম্বর সম্মেলন শেষে প্রধানমন্ত্রীর দেশে ফেরার কথা রয়েছে।




























