আগামী অন্তত দুই দিন সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। তবে আগামী রোববার থেকে দেশের কিছু বিভাগে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
তবে রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং দেশের অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। একই সাথে সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।
আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।
গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামে ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস।
আজ ঢাকায় বাতাসের গতিবেগ পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। আজ ভোর ৬ টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৮ শতাংশ।
আবহাওয়া অফিসের দেওয়া তথ্যানুযায়ী, বর্তমানে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে হালকা বাতাস প্রবাহিত হওয়ার পাশাপাশি সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি গুরুত্বহীন হয়ে পড়েছে এবং এর বর্ধিতাংশ বর্তমানে উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে।
ঢাকায় আজ সূর্যাস্ত ৫টা ১৬ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৮ মিনিটে।
পূর্বাভাসে আরও জানানো হয়, আগামী রোববার (৮ নভেম্বর) থেকে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা দেখা দিতে পারে। এ সময় রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেলেও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।























