সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কোনো বিশেষ যৌথ অভিযান নয়, বরং দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর নিয়মিত কার্যক্রম ও নজরদারি আরও জোরদার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নতুন সদর দপ্তরের ‘শুভারম্ভ ফলক’ উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও যেকোনো অপপ্রয়াস দমনে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত উদ্যোগ ও তদারকি বাড়ানো হচ্ছে। পুলিশের পাশাপাশি আনসার, বিজিবি ও অন্যান্য বাহিনী তাদের নিজ নিজ জায়গা থেকে দায়িত্ব পালন করবে।
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা বা অপরাধ পরিলক্ষিত হলে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, শুধু প্রত্যাহার নয়, তদন্ত সাপেক্ষে বিভাগীয় ব্যবস্থা এবং ফৌজদারি অপরাধ প্রমাণিত হলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
আইন ও শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কোনো ছাড় দেবে না বলে তিনি হুঁশিয়ারি ব্যক্ত করেন।
























