২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবস ২০২৬ উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বাংলাদেশের পর্যটন শিল্পকে আধুনিক, প্রযুক্তিনির্ভর, পরিবেশবান্ধব ও বিশ্বমানের শিল্পে উন্নীত করা সরকারের উন্নয়ন পরিকল্পনার অন্যতম অগ্রাধিকার।
প্রধানমন্ত্রী জানান, পর্যটন কেবল অবকাশযাপনের সুযোগ নয়; এটি কর্মসংস্থান সৃষ্টি, অর্থনৈতিক সমৃদ্ধি আনয়ন এবং বিশ্ব দরবারে দেশের ইতিবাচক ভাবমূর্তি উজ্জ্বল করার অন্যতম শক্তিশালী মাধ্যম।
তিনি উল্লেখ করেন, বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য এবং সমৃদ্ধ সংস্কৃতিতে ভরপুর। এই সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের পর্যটন খাতকে এগিয়ে নিতে বর্তমান সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছে।
তিনি আরও বলেন, সরকার, বেসরকারি খাত, স্থানীয় জনগোষ্ঠী এবং তরুণ সমাজের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশকে একটি নিরাপদ, টেকসই ও বিশ্বমানের পর্যটন গন্তব্য হিসেবে গড়ে তোলা সম্ভব।
বাণীতে প্রধানমন্ত্রী ‘বিশ্ব পর্যটন দিবস ২০২৬’ উপলক্ষে আয়োজিত সকল কর্মসূচির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন।























