জামায়াতে ইসলামীর সঙ্গে আলোচনা বা গোপন সমঝোতা করেই রাজধানীর গুলশানসহ বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ বিক্ষোভ মিছিলের সাহস পাচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ জেলা প্রশাসন আয়োজিত ডেঙ্গু প্রতিরোধে সরকারের তিন মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সচেতনতামূলক র্যালি শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
রাশেদ খাঁন বলেন, জামায়াতে ইসলামীর সঙ্গে গোপনে যোগাযোগ করেই আওয়ামী লীগ এসব কর্মসূচি পালন করার সাহস পাচ্ছে। ১৯৯৬ সালেও আওয়ামী লীগের সঙ্গে মিলে জামায়াত আন্দোলন করেছিল এবং এবারও তাদের অবস্থানের কারণে আওয়ামী লীগ মাঠ নামার সুযোগ পাচ্ছে।
জামায়াত নেতারা আওয়ামী লীগের রাজনীতিতে ফেরার বিষয়ে আপত্তি নেই বলে যে বক্তব্য দিচ্ছেন, তা প্রত্যাখ্যান করে তিনি জানান, দেশের জনগণ আর কখনো আওয়ামী লীগের রাজনীতি মেনে নেবে না।
৯০-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ২৪-এর গণ-অভ্যুত্থানে বিএনপির নেতৃত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে ঐক্যবদ্ধ রাখতে চায়। তবে জামায়াত ও এনসিপি ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে বিভক্তি তৈরি করছে।
কর্মসূচীতে জেলা বিএনপির সভাপতি এম এ মজিদ, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, আনোয়ারুল ইসলাম বাদশাসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

























